পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল! দীর্ঘ ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার অবসান ঘটিয়ে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে রাজ্যপাল আর.এন. রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে বাংলা পেল তার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।
এই মেগা অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল খাস কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু, হিমন্ত বিশ্ব শর্মার মতো হেভিওয়েট নেতারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুর প্রথম লক্ষ্যই হল ‘টিম গেম’। তিনি সাফ জানিয়েছেন, পূর্বসূরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সব সিদ্ধান্ত একা নেবেন না, বরং ‘যৌথ নেতৃত্বে’ সরকার চলবে। তাঁর ঘোষণা— “আমি নই, আমরা মিলে বাংলা চালাব।”
শপথ মঞ্চে দেখা গেল আবেগঘন মুহূর্তও। শপথ নিয়েই প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন শুভেন্দু, মোদীও তাঁকে জড়িয়ে ধরেন। তবে সবচেয়ে চর্চিত বিষয় ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিশেষ উপহার। যোগী নিজের গলার গেরুয়া উত্তরীয় খুলে শুভেন্দুর গলায় পরিয়ে দেন, যা রাজনৈতিক মহলে শুভেন্দুর প্রতি দিল্লির পূর্ণ সমর্থনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। নন্দীগ্রাম আন্দোলনের নায়ক থেকে বাংলার ভাগ্যবিধাতা— শুভেন্দুর হাত ধরে আজ থেকে এক নতুন অধ্যায় শুরু হলো বাংলায়।





