বলিউডের নোংরা রাজনীতির শিকার অরিজিৎ সিং? কেন গান ছাড়ছেন গায়ক? বিস্ফোরক ইঙ্গিত পলাশ সেনের!

বলিউড সংগীত জগতের মুকুটহীন সম্রাট অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার ঘোষণায় স্তম্ভিত গোটা বিনোদন দুনিয়া। কেন সাফল্যের শিখরে থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি? এই প্রশ্ন যখন কোটি কোটি ভক্তের মনে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন জনপ্রিয় ব্যান্ড ‘ইউফোরিয়া’র প্রধান গায়ক পলাশ সেন। তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন তোলপাড় নেটপাড়া। পলাশের ইঙ্গিত—বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি এবং তিক্ত অভিজ্ঞতাই অরিজিতকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

গত ২৭শে জানুয়ারি অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি আর কোনো নতুন প্লেব্যাক করবেন না। যদিও এর কারণ নিয়ে তিনি ধোঁয়াশা রেখেছিলেন। পলাশ সেন তাঁর পোস্টে নিজের কেরিয়ারের শুরুর দিকের যন্ত্রণার কথা তুলে ধরে লিখেছেন, “২৪ বছর আগে আমার ছবি ‘ফিলহাল’ ফ্লপ হওয়ার পর সমালোচকরা আমাকে ছিঁড়ে খেয়েছিলেন। এক অভিনেত্রী তো লম্বা বক্তৃতা দিয়ে বুঝিয়েছিলেন কেন আমার অভিনয় করা উচিত নয়।” এরপরই অরিজিতের প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমি জানি আমার ভাই অরিজিৎ কেন প্লেব্যাক ছাড়ছে। বহু বছর আগে আমিও সেই একই পরিস্থিতির শিকার হয়েছিলাম এবং নিজের আলাদা পথ বেছে নিয়েছিলাম। অরিজিৎ এখন সেই পথেই হাঁটবে।”

পলাশ সেনের এই মন্তব্য কার্যত বলিউডের সিন্ডিকেট রাজ ও রাজনীতির দিকেই আঙুল তুলছে। প্রতি শো থেকে প্রায় ১০ কোটি টাকা আয় করা একজন গায়ক কেন হঠাৎ কেরিয়ারের মধ্যগগনে সিনেমা থেকে দূরে সরে যেতে চাইলেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ওয়াকিবহাল মহলের মতে, অরিজিতের মতো সংবেদনশীল শিল্পীরা হয়তো বলিউডের এই ‘ইঁদুর দৌড়’ আর সহ্য করতে পারছেন না। পলাশের পোস্ট সেই সম্ভাবনাকেই আরও জোরালো করে তুলল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy