বিশ্বের সপ্তম আশ্চর্য তথা প্রেমের চিরন্তন প্রতীক তাজমহল নিয়ে পর্যটকদের জন্য বড় আপডেট। আগামিকাল, ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আড়াই ঘণ্টার জন্য সাধারণ পর্যটকদের জন্য বন্ধ থাকছে তাজমহল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) জানিয়েছে, উচ্চপদস্থ বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফরের কারণেই নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন বন্ধ থাকছে তাজমহল? ভারত সফরে এসেছেন পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি। তাঁর সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী ভেরোনিক হার্মিনিও। মঙ্গলবার সকালেই তাঁরা তাজমহল পরিদর্শনে যাবেন। পাশাপাশি, থাইল্যান্ডের রাজকুমারী সিরিভান্নাভারি নারিরাতানা-ও একই দিনে আগ্রা সফরে আসছেন। এই দুই ভিভিআইপি (VVIP) অতিথির নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতেই সাধারণের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সময়সূচি ও বিধিনিষেধ: এএসআই-এর সুপারিনটেনডেন্ট প্রত্নতত্ত্ববিদ স্মিতা এস কুমারের নির্দেশিকা অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত কোনো সাধারণ পর্যটক তাজমহলে ঢুকতে পারবেন না। ১১টা ৩০ মিনিটের পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় টিকিট কাউন্টার ও প্রবেশদ্বার খোলা হবে।
প্রশাসনের প্রস্তুতি: এডিএম প্রোটোকল প্রশান্ত তিওয়ারি জানিয়েছেন, ১০ ও ১১ ফেব্রুয়ারি—এই দু’দিনই আগ্রায় রাজকীয় আতিথেয়তার আবহ থাকবে। সেশেলসের প্রেসিডেন্টের পাশাপাশি থাইল্যান্ডের রাজকুমারী বুধবার তাজমহল পরিদর্শনে যেতে পারেন। যদিও বুধবারের জন্য এখনও কোনো ‘শাটডাউন’ ঘোষণা করা হয়নি। বর্তমানে কড়া পুলিশি পাহারায় মুড়ে ফেলা হয়েছে গোটা আগ্রা শহর।