টানা ৭২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান। অবশেষে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি গ্রাম থেকে বিদায় নিল রয়্যাল বেঙ্গল টাইগার। তবে বনদফতরের পাতা খাঁচায় ধরা দিয়ে নয়, বরং নিজের বুদ্ধিতে নাইলনের জাল ছিঁড়ে হেড়োভাঙা নদী সাঁতরে জঙ্গলে ফিরে গেল দক্ষিণরায়। রবিবার বিকেলে এই খবর নিশ্চিত হওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয় বাসিন্দারা।
গত শুক্রবার জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি পূর্ণবয়স্ক বাঘ। খবর চাউর হতেই থমথমে হয়ে যায় গোটা এলাকা। বনদফতরের পক্ষ থেকে দ্রুত নাইলনের জাল দিয়ে এলাকা ঘিরে ফেলা হয় এবং কুলতলি থেকে বিশেষ ‘টাইগার রেসকিউ টিম’ আনা হয়। পর্যটকদের সুরক্ষায় বন্ধ করে দেওয়া হয় ঝড়খালি অ্যানিম্যাল পার্ক। কিন্তু বাঘটি অত্যন্ত চতুর হওয়ায় কিছুতেই খাঁচাবন্দি করা যাচ্ছিল না। রবিবার তল্লাশির সময় বনকর্মীরা দেখেন, দুটি নাইলন জালের সংযোগস্থল ছেঁড়া। নদীর পাড়ে বাঘের টাটকা পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া যায় যে, এটি নদী পেরিয়ে চার নম্বর জঙ্গলে ফিরে গিয়েছে। বাঘ নিজের ডেরায় ফিরে যাওয়ায় সোমবার থেকে এলাকায় স্বাভাবিক ছন্দ ফেরার আশা করা হচ্ছে।