২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল জাতীয় নির্বাচন কমিশন। বিগত ৭২ ঘণ্টার মধ্যে ফের ৫ জন ডিআইজি (DIG)-কে বদল করার নির্দেশ জারি করা হয়েছে। এর আগে ১৯ জন পুলিশ সুপার (SP) ও কমিশনার (CP) বদলের পর কমিশনের এই পদক্ষেপ রাজ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি হচ্ছেন শ্রীহরি পাণ্ডে। প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব সামলাবেন কঙ্করপ্রসাদ বাড়ুই এবং মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে অজিত সিং যাদবকে। এছাড়াও জলপাইগুড়ি রেঞ্জের দায়িত্ব পেয়েছেন অঞ্জলি সিং এবং রায়গঞ্জ রেঞ্জে দায়িত্ব সামলাবেন রাঠোর অমিত কুমার ভকত।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব সহ একাধিক শীর্ষ আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। এই ‘একতরফা’ বদলি নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। মুখ্যমন্ত্রীর আপত্তির পরেও কমিশনের এই ধারাবাহিক বদলি জারি থাকায় রাজ্যের প্রশাসনিক মহলে এখন টানটান উত্তেজনা।