তৃতীয় প্রজন্মের রেনো ডাস্টার লঞ্চের রেশ কাটতে না কাটতেই ভারতীয় বাজারে বড়সড় ধামাকার প্রস্তুতি নিচ্ছে রেনো। কোম্পানিটি তাদের ‘ফিউচাররেডি’ কৌশলের অধীনে ২০২৭ সালের মধ্যে মোট সাতটি নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনা করেছে। এই তালিকায় সবথেকে চমকপ্রদ নাম হলো ‘রেনো ব্রিজার’ (Renault Bridger)। ২০২৬ সালের মার্চ মাসে এর কনসেপ্ট মডেলটি প্রদর্শিত হয়েছিল, যা গাড়ি প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্ল্যাটফর্ম ও উন্নত প্রযুক্তি:
রেনো ব্রিজার তৈরি হবে অত্যাধুনিক RGMP (Renault Global Modular Platform) প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। এই গাড়িটির সবথেকে বড় বিশেষত্ব হলো এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (E&E) সিস্টেম, যা রেনো এবং টেক জায়ান্ট গুগল যৌথভাবে তৈরি করেছে। এই প্ল্যাটফর্মটি এতটাই উন্নত যে এতে পেট্রোল, সিএনজি, হাইব্রিড এবং ইলেকট্রিক—সব ধরণের ইঞ্জিন অপশন পাওয়া যাবে, অথচ গাড়ির ভেতরের ডিজাইন বা জায়গার কোনো পরিবর্তন হবে না।
ডিজাইন ও লুক:
ব্রিজার কনসেপ্টের ডিজাইন অন্য যেকোনো রেনো মডেলের থেকে আলাদা। এর খাড়া ও বাক্স-আকৃতির গড়ন একে একটি পেশিবহুল লুক দেয়। সামনের অংশে থাকছে বড় কালো গ্রিল, আলোকিত ‘RENAULT’ ব্যাজিং এবং এলইডি লাইট। ১৮-ইঞ্চি স্কয়ার-স্পোক অ্যালয় হুইল এবং সি-পিলারে লুকানো পেছনের দরজার হ্যান্ডেল গাড়িটিকে প্রিমিয়াম টাচ দেয়।
পারফরম্যান্স ও উপযোগিতা:
সাব-৪ মিটার এসইউভি হওয়া সত্ত্বেও ব্রিজার-এ থাকছে ২০০ মিমি-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৪০০ লিটারের বিশাল বুট স্পেস। কোম্পানি দাবি করেছে, এই সাবকমপ্যাক্ট এসইউভি-টি তার শ্রেণিতে সেরা কর্মদক্ষতা (efficiency) প্রদান করবে। ডাস্টার এবং কাইগারের মাঝের ব্যবধান পূরণ করতেই এই ব্রিজার-কে বাজারে আনছে রেনো।





