বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ৩১ মার্চের মধ্যে ২৫% মেটানোর নির্দেশ, থাপ্পড় খেল রাজ্য?

দীর্ঘ ১১০৬ দিনের লড়াই আর শহিদ মিনারের খোলা আকাশের নিচে অবস্থানের অবসান হতে চলেছে? বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আবশ্যিকভাবে মিটিয়ে দিতে হবে।

বাকি ৭৫ শতাংশ বকেয়া কীভাবে মেটানো হবে, তা নির্ধারণ করতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮% ডিএ পেলেও রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৮%। এই ৪০ শতাংশের ফারাক ঘোচাতে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।

রায়ের পর খুশিতে মিষ্টি বিলি শুরু করেন আন্দোলনকারীরা। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, “আদালতের রায়ে স্পষ্ট হয়ে গেল কর্মীদের অধিকার কেড়ে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী আমাদের কুকুর-বেড়াল বললেও আজ সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল জয় কার। আর আগুন নিয়ে খেলবেন না, অবিলম্বে বকেয়া মিটিয়ে দিন।” উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসেও আদালত একই নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সময় চেয়ে তা পিছিয়ে দেয়। এবার কড়া সময়সীমা বেঁধে দেওয়ায় কোণঠাসা নবান্ন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy