ফোন বের করতেই দেখলেন ডিসপ্লে ভাঙা! মাঝরাস্তায় ভক্তের কপাল খুলে দিলেন সিএসকে তারকা সঞ্জু

বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না ঠিকই, কিন্তু মাঠের বাইরে মানুষের মন জিততে জুরি মেলা ভার সঞ্জু স্যামসনের (Sanju Samson)। এবারের আইপিএলে (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও, কেরলের এই মহাতারকা আবারও প্রমাণ করলেন কেন তিনি অনুরাগীদের চোখে ‘আসল হিরো’। মাঝরাস্তায় এক সাধারণ ভক্তের ভাঙা ফোন দেখে নিজের গাড়ি থেকে নতুন স্মার্টফোন বের করে উপহার দিলেন তিনি।

ঠিক কী ঘটেছিল? ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কাড়ের মুন্দুর-থুথা রোডের পঞ্চাপ্পদম স্কুলের কাছে। সঞ্জু স্যামসন নিজের গাড়ি চালিয়ে কোঝিকোড় থেকে কোয়েম্বাটোরে যাচ্ছিলেন। পথিমধ্যে ফোনে কথা বলার জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করান তিনি। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন শাবারিশ নামে পেশায় এক কেবল টেকনিশিয়ান ও তাঁর বন্ধু মণিকাণ্ডন।

গাড়ির ভেতরে পরিচিত মুখ দেখে এগিয়ে যান তাঁরা। ফোনে কথা বলা শেষ করে সঞ্জু তাঁদের সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং ছবি তোলার প্রস্তাব দেন।

ভাঙা ডিসপ্লে দেখেই মনবদল: ছবি তোলার জন্য শাবারিশ যখন তাঁর ফোনটি বের করেন, সঞ্জুর নজর যায় সেদিকে। তিনি দেখেন ফোনটির ডিসপ্লে মারাত্মকভাবে ভেঙে গিয়েছে। ওই অবস্থাতেই সেলফি তোলার চেষ্টা করছিলেন শাবারিশ। অনুরাগীর এই অসহায়তা দেখে তৎক্ষণাৎ নিজের গাড়ি থেকে ৩০,০০০ টাকা দামের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন বের করে শাবারিশের হাতে তুলে দেন সঞ্জু। প্রিয় তারকার কাছ থেকে এমন অভাবনীয় উপহার পেয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন শাবারিশ।

পারফরম্যান্সে খরা, আচরণে সোনা: এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস ছেড়ে সিএসকে-তে যোগ দিয়েছেন সঞ্জু। তবে প্রথম তিন ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ৬, ৭ ও ৯ রান। দলের অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। সমালোচকরা যখন তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন তুলছেন, তখন মাঠের বাইরের এই মানবিক আচরণ দিয়ে সব বিতর্ককে যেন এক লহমায় ধামাচাপা দিয়ে দিলেন সঞ্জু।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy