ফের নিম্নচাপের ভ্রূকুটি! ভাসবে কলকাতা সহ দুই বাংলা, জারি হলো হলুদ সতর্কতা

পুজোর মুখেও পিছু ছাড়ছে না বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে আগামী কয়েক দিন ভারী থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। আজ মঙ্গলবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার জন্য এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। তাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলা-ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

কলকাতার তাপমাত্রা

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.০ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে ছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy