ক্রিকেটপ্রেমীদের জন্য এক অসাধারণ সুযোগ নিয়ে এল ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। প্রথমবারের মতো লর্ডসের ঐতিহাসিক মাঠের ঘাস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। যেকোনো ক্রিকেট ভক্ত এখন ১.২ মিটার বাই ০.৬ মিটার আকারের এক টুকরো ঘাসের মালিক হতে পারবেন। এই প্রতিটি টুকরোর দাম ধার্য করা হয়েছে ৫০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার টাকার বেশি।
১৮১৪ সালে প্রতিষ্ঠিত লর্ডস ক্রিকেট মাঠ তার দীর্ঘ ইতিহাসের জন্য বিখ্যাত। এখানে আইসিসির প্রাক্তন সদর দপ্তর ছিল এবং বহু কিংবদন্তি ক্রিকেটার এই মাঠে খেলে তাদের ক্যারিয়ারে স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন। লর্ডসে সেঞ্চুরি বা ৫ উইকেট নেওয়া যেকোনো ক্রিকেটারের জন্য অত্যন্ত সম্মানের। সম্প্রতি এই মাঠে ইংল্যান্ড ও ভারতের মধ্যে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, লর্ডসের আউটফিল্ডের ঘাস নতুন করে লাগানো হবে। আর এই সুযোগে পুরোনো ঘাসগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এমসিসি। প্রাথমিকভাবে এমসিসি সদস্যদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিক্রির উদ্দেশ্য হলো এমসিসি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ এবং মাঠের ভবিষ্যতের উন্নয়নে সহায়তা করা। এই উদ্যোগের মাধ্যমে ভক্তরা ‘সেই মঞ্চের একটি অংশ’-এর মালিক হতে পারবেন, যেখানে বহু জাদুকরী মুহূর্তের জন্ম হয়েছে।
এমসিসির সদস্য সংখ্যা ২৫ হাজার হলেও, সাধারণ দর্শকও এই ঘাস কিনতে পারবেন। বিক্রি থেকে প্রাপ্ত মোট অর্থের ১০ শতাংশ এমসিসি ফাউন্ডেশনে যাবে, বাকি অর্থ মাঠের ক্রিকেট অবকাঠামোর উন্নয়নে ব্যয় করা হবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিশিয়াল এক্স পেজেও এই বিষয়ে ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে, “এই শরতে যখন আমরা ঐতিহাসিক লর্ডস মাঠের আউটফিল্ড নতুন করে বসানোর প্রস্তুতি নিচ্ছি, তখন ভক্তদের সুযোগ দেওয়া হচ্ছে পবিত্র মূল ঘাসের একটি টুকরা নিজেদের ঘরে নিয়ে যাওয়ার। সংখ্যায় সীমিত, সংগ্রহ করা যাবে লর্ডস থেকে ২৯ বা ৩০ সেপ্টেম্বর ২০২৫।”
টেলিগ্রাফ জানিয়েছে, সেপ্টেম্বর মাসে মাঠের উপরিভাগের ১৫ মিলিমিটার ঘাস কেটে ফেলা হবে এবং নতুন করে বীজ বপন করা হবে। মূলত সম্প্রতি আউটফিল্ডে ফিল্ডারদের ডাইভ দেওয়ার সময় ঘাস উঠে আসার ঘটনা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০০২ সালেও একবার লর্ডসের আউটফিল্ড সংস্কার করা হয়েছিল। সেবারও ঘাস নিলামে তোলা হয়েছিল এবং প্রতিটি ১০ পাউন্ডে বিক্রি হয়েছিল, যা থেকে মোট ৩৫ হাজার পাউন্ড সংগৃহীত হয়।





