রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণের আগে আজ প্রচারের শেষ দিন। আর এই অন্তিম লগ্নে প্রচারের উত্তাপ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সকালে প্রথমেই তিনি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দেন। সেখানে দর্শন সেরে সরাসরি চলে আসেন হুগলির চন্দননগরে।
বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর সমর্থনে চন্দননগরে এক সুবিশাল রোড-শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চন্দননগর কুটির মাঠের হেলিপ্যাডে নেমে জিটি রোড ধরে শুরু হয় এই পদযাত্রা। বাগবাজার থেকে লক্ষ্মীগঞ্জ বাজার পর্যন্ত দীর্ঘ রাস্তা মোড়া হয়েছে গেরুয়া পতাকা ও ব্যানারে। শাহের এই রোড-শো-কে কেন্দ্র করে গঙ্গাপাড়ের এই শহরে মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো।
নিরাপত্তার কড়াকড়ি:
শেষ দফার প্রচারকে কেন্দ্র করে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। চন্দননগর পুলিশ কমিশনারেট ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্ছিদ্র বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের একাধিক রাস্তায় ‘নো-এন্ট্রি’ জারি করা হয়েছে। অমিত শাহের পাশাপাশি এদিন শাসক ও বিরোধী শিবিরের অন্যান্য প্রার্থীরাও প্রচারের শেষ বেলায় ভোটারদের মন জয়ে ব্যস্ত। আজ বিকেলেই থামবে প্রচারের ভোঁপা, তার আগে শেষ মুহূর্তের এই শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।





