নিয়োগ দুর্নীতি মামলা, ইডি-র মামলা থেকে অব্যাহতি চেয়ে মানিক ভট্টাচার্যের আবেদন খারিজ, হাইকোর্টের কড়া নির্দেশ

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর সঙ্গে একই আবেদন জানিয়েছিলেন তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র সৌভিক ভট্টাচার্য। কিন্তু, তাঁদের এই আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত সোমবার ইডিকে নির্দেশ দিয়েছেন আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। এর পরের এক সপ্তাহের মধ্যে মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের সেই হলফনামার উত্তর দিতে বলা হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি হেফাজত শেষ হওয়ার পর তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়। জামিন পাওয়ার পর মানিক ভট্টাচার্য মন্তব্য করেছিলেন, ‘সত্যের জয় হবে।’

এই মামলায় মানিকের স্ত্রী শতরূপা এবং তাঁর পুত্র সৌভিককেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হেফাজতে নিয়েছিল। তবে, মাস পাঁচেক পর শতরূপা ভট্টাচার্য কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান, আর সৌভিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে জামিন লাভ করেন। জামিন পেলেও, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিম্ন আদালতের বিচারপর্বে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে।

এদিন মানিক ভট্টাচার্য ও তাঁর স্ত্রী-পুত্র নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়েও হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন, যা এদিন খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, মামলার বিচারপ্রক্রিয়া স্বাভাবিক গতিতেই চলবে। হাইকোর্টের এই নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে, এবং এই মামলার ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy