“নাগরিকত্ব যাচাই পরে, আগে ফিরিয়ে আনুন”-বাংলাদেশে বন্দি ৬ শ্রমিককে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলাদেশে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিকদের দ্রুত দেশে ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ কেন্দ্র সরকারকে সাফ জানিয়ে দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যেই এই শ্রমিকদের ভারত-বাংলাদেশে সীমান্ত পার করিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে। শীর্ষ আদালত স্পষ্ট করেছে, আগে তাঁদের দেশে ফিরিয়ে আনতে হবে, নাগরিকত্ব যাচাইয়ের আইনি প্রক্রিয়া তার পরে হবে।

দীর্ঘ লড়াইয়ের প্রেক্ষাপট: ঘটনার সূত্রপাত গত বছর জুন মাসে। কাজের সন্ধানে দিল্লি যাওয়া বীরভূমের সোনালি বিবি, সুইটি বিবি সহ মোট ৬ জনকে অসম সীমান্ত দিয়ে ‘অনুপ্রবেশকারী’ সন্দেহে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয় বলে অভিযোগ। এরপর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। টানা ১০০ দিন ওপার বাংলার জেলে কাটানোর পর ডিসেম্বরে তাঁরা জামিন পান।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছর ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ‘মানবিকতার খাতিরে’ কেন্দ্র সরকার অন্তঃসত্ত্বা সোনালি বিবি এবং তাঁর নাবালক সন্তানকে দেশে ফিরিয়ে আনে। কিন্তু সুইটি বিবি এবং তাঁর সন্তান ও পরিবারের বাকিরা ওপার বাংলাতেই থেকে যান। এতদিন তাঁদের ফেরা নিয়ে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা।

আদালতের বার্তা: শুক্রবার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বলে, যে পরিস্থিতির মধ্যে ওই শ্রমিকরা রয়েছেন, তা অত্যন্ত স্পর্শকাতর। নাগরিকত্বের প্রশ্নটি একটি আইনি প্রক্রিয়া, কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও তাঁদের ঘরে ফেরানো সরকারের নৈতিক দায়িত্ব। আদালতের এই নির্দেশের ফলে সুইটি বিবিদের ফেরার পথ প্রশস্ত হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পরিবারের দীর্ঘশ্বাস: সোনালি বিবি দেশে ফিরে সন্তানের জন্ম দিলেও, সুইটি বিবি এবং অন্যরা আজও ভিনদেশে বন্দি। ইদের আনন্দও তাঁদের পরিবারে ফিকে হয়ে গিয়েছিল। আদালতের এই নির্দেশিকা এখন সেই পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পারে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন বীরভূমের মানুষ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy