দীপাবলির রাতে মর্মান্তিক! নভি মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু ৫ জনের, গুরুতর আহত ১০

আলোর উৎসব দীপাবলির রাতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নভি মুম্বইয়ে। সোমবার মধ্যরাত পেরোনোর পরই ভাসি এলাকার সেক্টর ১৪-র এমজিএম কমপ্লেক্সের রাহেজা রেসিডেন্সির একটি বহুতল আবাসনে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় দমকল কর্মীদের প্রাণপণ চেষ্টার পরেও ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

১০ তলা থেকে ছড়াল আগুন

দমকল সূত্রে খবর, রাত ১২.৩০ নাগাদ রাহেজা রেসিডেন্সির ১০ তলার একটি ফ্ল্যাটে প্রথমে লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ১১ এবং ১২ তলাতেও ছড়িয়ে পড়ে, যার ফলে আবাসনের বেশ কিছু বাসিন্দা আটকে পড়ে চিৎকার করতে থাকেন।

মৃতদের মধ্যে দু’জন মহিলা, একজন পুরুষ এবং একটি ৬ বছর বয়সী শিশুকন্যা রয়েছে। আহতদের দ্রুত ভাসির দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ৪০ জন দমকল কর্মী, ৮টি ফায়ার ইঞ্জিন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভোর ৪টার মধ্যে আগুন নেভানো সম্ভব হলেও, ততক্ষণে বেশ কয়েকটি মূল্যবান প্রাণ চলে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

দিল্লিতে দমকলে ২৮০টির বেশি ফোন

নভি মুম্বইয়ের এই মর্মান্তিক ঘটনার পাশাপাশি, রাজধানী দিল্লিতেও দীপাবলি উদযাপনের সময় অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি থাকায় দমকল কর্মীরা ব্যস্ত ছিলেন। দিল্লি ফায়ার সার্ভিসেস জানিয়েছে, সোমবার সন্ধে ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত তারা ২৮০টিরও বেশি আগুন লাগার ফোন পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩১৪টি।

যদিও দিল্লিতে বড় ধরনের কোনও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি, কেবল সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে একটি অটোপার্টস সরঞ্জামের গুদামে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এদিকে, দীপাবলির পর মঙ্গলবার সকাল থেকেই দিল্লি ঘন ধূসর কুয়াশায় ঢাকা। বাতাসের মান এখন ‘রেড জোনে’ অর্থাৎ বেশ খারাপ। অনেকেই সুপ্রিম কোর্টের নির্ধারিত দুই ঘণ্টার বেশি সময় ধরে বাজি পুড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy