ভোপালের প্রাক্তন জেলা জজ গিরিবালা সিংয়ের পুত্রবধূ ত্বিশা (দিব্যা) শর্মার রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। অত্যন্ত সংবেদনশীল এই মামলাটি এখন দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছেছে। স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি আমলে নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি বাগচীর বেঞ্চ। আদালতের নির্দেশে এই চাঞ্চল্যকর মামলার তদন্তভার এখন সিবিআইয়ের কাঁধে।
তদন্তের স্বার্থে সিবিআইয়ের একটি বিশেষ দল ভোপালের উদ্দেশে রওনা দিয়েছে। ভোপাল পুলিশের কাছ থেকে মামলার যাবতীয় নথি সংগ্রহ করে তারা নতুন করে তদন্ত শুরু করবে। শুনানির সময় সুপ্রিম কোর্ট এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। মধ্যপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন, মামলার গুরুত্ব বিবেচনায় তদন্ত সিবিআইকে হস্তান্তর করা হয়েছে, যাতে আদালত পূর্ণ সম্মতি দিয়েছে।
এদিকে, পুলিশ কমিশনার স্পষ্টভাবে জানিয়েছেন যে, মূল অভিযুক্ত নিজেকে বাঁচাতে তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। পালানোর সময় তাকে কারা সাহায্য করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে ঘটনার প্রতিটি মুহূর্তের যোগসূত্র খোঁজা হচ্ছে। এই মামলায় গিরিবালা সিংকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তাঁর আগাম জামিন সংক্রান্ত আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সবার। সিবিআই তদন্ত শুরু হওয়ায় এখন এই রহস্যের দ্রুত কিনারা হবে বলেই আশা করা হচ্ছে।





