স্টুডিও পাড়ার চাকচিক্যের আড়ালে কি তবে অন্য কোনো অন্ধকার জগত কাজ করছিল? সম্প্রতি চাঞ্চল্যকর সব অভিযোগে অভিযুক্ত জুনিয়র বিশ্বাসের গ্রেপ্তারিতে যেন সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। তোলাবাজি, শ্লীলতাহানি এবং একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে তাকে আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সূত্রের খবর, টলিউডের স্টুডিও পাড়ায় দীর্ঘ দিন ধরেই জুনিয়র বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ জমা হচ্ছিল। নামী শিল্পীদের ভয় দেখানো, তোলাবাজি এবং কর্মক্ষেত্রে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগের মুখে পড়ে কার্যত কোণঠাসা হয়ে পড়েন তিনি। পুলিশি জেরায় তিনি স্টুডিও পাড়ার অন্দরের আর কী কী ‘স্ব-রূপ’ ফাঁস করেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা টলিপাড়া।
তদন্তকারীদের দাবি, জুনিয়র বিশ্বাসের কর্মকাণ্ডের পেছনে কেবল তিনি একাই ছিলেন নাকি এর পেছনে অন্য প্রভাবশালী কেউ জড়িত, তা খতিয়ে দেখাই এখন বড় চ্যালেঞ্জ। পুলিশি হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর কোনো তথ্য বেরিয়ে আসে কি না, সেদিকেই নজর সব মহলের।





