তীব্র গরমের দাবদাহে যখন বৃষ্টির অপেক্ষায় মানুষ, তখন উত্তরের কোচবিহার জেলায় ঘটল এক উল্টো ঘটনা। মেখলিগঞ্জ বিধানসভার জামালদহে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে চলল ‘ডিম বৃষ্টি’। পরিষেবা বঞ্চনা ও জবকার্ড থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে গ্রামবাসীদের ক্ষোভের আগুনে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অভিযোগ, প্রধানের নির্দেশেই জব কার্ডের তালিকা থেকে বহু উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। এই বঞ্চনার জবাব চাইতে বৃহস্পতিবার প্রধান গীতা বর্মনের বাড়ির সামনে জড়ো হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রথমে বিক্ষোভ শুরু হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, উত্তেজিত জনতা প্রধানের বাড়ি লক্ষ্য করে পচা ডিম ও জলের বোতল ছুড়তে শুরু করেন। শুধু তাই নয়, প্রধান ও তাঁর স্বামীর উপস্থিতিতে বাড়িতে হামলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার স্মৃতি ফেরায় রাজনৈতিক মহলে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা অনন্যা দে-র দাবি, প্রায় দু’মাস ধরে প্রধান অফিসে আসছেন না, আবার অসুস্থতার কথা আগে জানাননি। বিনা কারণে এলাকার প্রায় ৪০ শতাংশ জবকার্ডের নাম কেটে দেওয়ায় মানুষ ধৈর্য হারিয়েছেন।
অন্যদিকে, প্রধান গীতা বর্মন পাল্টা অভিযোগ তুলে বলেন, “আমাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।” তিনি জানান, অসুস্থতার কারণে অফিসে যেতে পারেননি, কিন্তু তার জন্য এভাবে বাড়িতে চড়াও হওয়া বা ভাঙচুরের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। এলাকায় অশান্তি এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।





