সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের শুরুতেই এক দারুণ মুহূর্ত দেখা গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে সম্মেলনে যোগ দেন। এই তিন নেতাকে হাসিমুখে হাত মেলাতে এবং কথা বলতে দেখা যায়। এই ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আমেরিকার জন্য এটা অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং তার ভাষণে আন্তর্জাতিক অঙ্গনে কিছু দেশের ‘দাদাগিরি’র কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্বের সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা দরকার। এস সি ও-কে বিশ্বে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে। ট্রাম্পের ‘ট্যারিফ’ নীতির প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শি জিনপিং আরও বলেন, এস সি ও সদস্য দেশগুলোর সম্মিলিত অর্থনীতি প্রায় ৩০ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। চিন এই দেশগুলোতে ৮৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। তিনি দ্রুত একটি এস সি ও ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য নতুন নিরাপত্তা নীতি তৈরির আহ্বান জানান।
তিনি ঘোষণা করেন, এস সি ও সদস্য দেশগুলোর উন্নয়নের জন্য ১০০টি ছোট প্রকল্প হাতে নেওয়া হবে। এর লক্ষ্য হবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। তিনি বলেন, “আমরা সবাই বন্ধু, সবাই অংশীদার। আমাদের প্রত্যেকের নিজস্বতাকে সম্মান করতে হবে।”
প্রধানমন্ত্রী মোদীও এক্স হ্যান্ডেলে পুতিন ও জিনপিংয়ের সঙ্গে তার ছবি শেয়ার করেছেন। একটি পোস্টে তিনি লেখেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যতবারই দেখা হয়, দারুণ লাগে!” মোদী ও পুতিনের আলাদা করে কথা বলার সময় একে অপরকে আলিঙ্গন করার ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ ও বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে।