‘ট্রাম্পকে দেখলে মোদির ৫৬ ইঞ্চির ছাতি ৩৬ হয়ে যায়’, লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লোকসভায় তীব্র নিশানা করলেন। “অপারেশন সিঁদুর” নিয়ে চলমান বিতর্কে অংশ নিয়ে তিনি দাবি করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এলে মোদীর উচ্চতা কমে পাঁচ ফুট হয়ে যায় এবং তাঁর ৫৬ ইঞ্চির ছাতি ৩৬ ইঞ্চিতে নেমে আসে।

এক সপ্তাহ আগে কলকাতার ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, দলীয় সাংসদরা লোকসভায় বাংলায় কথা বলবেন। ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূলের এই অবস্থান। সেই নির্দেশ মেনেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ বাংলা ও ইংরেজি মিশিয়ে সংসদে ভাষণ দেন।

ভাষণের একটি অংশ বাংলায় শুরু করে পরে ইংরেজিতে চলে যান কল্যাণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ তিনি থামিয়েছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কল্যাণ বলেন, “প্রধানমন্ত্রী আপনি কেন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে বলছেন না মিস্টার ট্রাম্পের দাবি মিথ্যা? আপনার এত ভয় কীসের! ট্রাম্পকে দেখলে আপনার কী হয় বলুন তো? আপনার উচ্চতা কমে পাঁচ ফুট হয়ে যায়। ৫৬ ইঞ্চির ছাতি কমে হয়ে যায় ৩৬ ইঞ্চি!”

এদিন ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলা নিয়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তোপ দাগেন। তিনি বলেন, “পহেলগাঁওয়ে ঢুকে চার জঙ্গি ২৬ জন পর্যটককে হত্যার পর কীভাবে পাকিস্তানে ফিরে গেল? আমাদের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছিল না কেন? প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী করছিলেন? এত দায়িত্বজ্ঞানহীন স্বরাষ্ট্র মন্ত্রক আগে কেউ কখনও দেখেনি। প্রধানমন্ত্রীর উচিত দেশের কাছে হাত জড়ো করে ক্ষমা চাওয়া।” জঙ্গি হামলার ঘটনায় দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের এই দাপুটে সাংসদ।

লোকসভায় ভাষণ দেওয়ার ঠিক একদিন আগে রবিবার উত্তরপাড়ার একটি অনুষ্ঠান থেকেও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “নরেন্দ্র মোদী নিজের সম্পর্কে বলেছিলেন, তিনি বায়োলজিক্যাল সন্তান নন, স্পিরিচুয়াল সন্তান। তাহলে বায়োলজিক্যালি নরেন্দ্র মোদীর জন্ম হয়নি। মা কালীর তো বায়োলজিক্যালি জন্ম হয়নি। মা কালী কি ইন্ডিয়ান সিটিজেন? নাকি শিব বা শ্রীরাম ইন্ডিয়ান সিটিজেন? যদি নরেন্দ্র মোদীর বায়োলজিক্যালি জন্মই না-হয়ে থাকে, তাহলে তো নরেন্দ্র মোদীও ইন্ডিয়ান সিটিজেন নন। কী করে তাঁর নাম ভোটার লিস্টে থাকবে? তাহলে তো তাঁকে পুশব্যাক করে দেব-দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। অদ্ভুত এক দেশ চলছে!”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এমন বিস্ফোরক মন্তব্যের জন্য এর আগেও বহুবার শিরোনামে এসেছেন। তার আজকের মন্তব্যও নিঃসন্দেহে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দেবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy