টলিউড অভিনেতার অকাল মৃত্যুতে তোলপাড়! ৯ বছরের চেয়ারপার্সন পদে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়

দীর্ঘ ৯ বছরের দায়িত্বভার ঝেড়ে ফেললেন লীনা গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন তিনি। টলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে পরিচিত লীনার এই পদত্যাগ রাজ্য রাজনীতি ও বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত এপ্রিল মাসে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক এবং রহস্যময় মৃত্যুর পর থেকেই লীনার পদত্যাগ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল।

রাহুলের মৃত্যু ও ঘনীভূত রহস্য
তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর মৃত্যুকে ঘিরে প্রথম থেকেই দানা বেঁধেছে দানা বেঁধেছে রহস্য। শুটিং ইউনিটের সদস্যদের বয়ান এবং পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজের মধ্যে বিস্তর অসামঞ্জস্য ধরা পড়ায় তদন্তকারী আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই ঘটনার পর থেকেই কাঠগড়ায় তোলা হয় প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে। যেহেতু লীনা গঙ্গোপাধ্যায় এই সংস্থার অন্যতম প্রধান মুখ এবং একইসঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন, তাই স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলে সরব হয়েছিল নেটদুনিয়ার একাংশ ও বিরোধী শিবির।

‘ম্যাজিক মোমেন্টস’ ও লীনার ভূমিকা নিয়ে সাফাই
বিতর্কের জাঁতাকলে পড়ে সম্প্রতি ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর পক্ষ থেকে একটি দীর্ঘ বিবৃতি জারি করা হয়েছিল। সেখানে স্পষ্ট জানানো হয় যে, লীনা গঙ্গোপাধ্যায় ২০১০ সাল থেকে মূলত একজন লেখক এবং সৃজনশীল প্রধান হিসেবেই সংস্থার সঙ্গে যুক্ত। ২০১১ সালে তিনি বোর্ডে যোগ দিলেও তিনি কোনো প্রমোটর বা অপারেশনাল এক্সিকিউটিভ নন। সংস্থার দাবি ছিল, মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে থাকার কারণেই হয়তো জনসাধারণের মধ্যে তাঁকে সংস্থার সর্বেসর্বা হিসেবে ভাবার একটি প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে তাঁর ভূমিকা কেবলমাত্র সৃজনশীল বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

পদত্যাগের নেপথ্যে কি রাজনৈতিক পটপরিবর্তন?
সূত্রের খবর, রাহুলের মৃত্যু নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতা এবং নৈতিক দায়বদ্ধতার কারণেই লীনা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক পরিবর্তনের যে হাওয়া বইছে, তার প্রভাবও এই পদত্যাগের নেপথ্যে থাকতে পারে। দীর্ঘ নয় বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পদ সামলালেও, শেষলগ্নে রাহুলের রহস্যমৃত্যু এবং প্রযোজনা সংস্থার দায়িত্ব নিয়ে তৈরি হওয়া বিতর্ক লীনার ভাবমূর্তিতে কিছুটা হলেও ধাক্কা দিয়েছিল। এখন দেখার, লীনার এই ইস্তফার পর মহিলা কমিশনের পরবর্তী প্রধান কে হন এবং রাহুলের মৃত্যু রহস্যের তদন্ত কোন দিকে মোড় নেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy