জাপানে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির রেশ কাটতে না কাটতেই এবার কম্পন অনুভূত হলো মায়ানমার এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে। মঙ্গলবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার, মণিপুর এবং অসমের বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভারত-মায়ানমার সীমান্তের কামজং জেলায় ছিল এই কম্পনের উৎসস্থল।
মঙ্গলবার ভোর ৫টা ৩৮ মিনিটে মায়ানমারে প্রথম কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৬। এর ঠিক পরেই ভোর ৫টা ৫৯ মিনিটে ৫.২ মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে মণিপুর ও অসমের গুয়াহাটি-সহ পার্শ্ববর্তী এলাকা। ভূমিকম্পের আতঙ্কে ভোরবেলাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। এখনও পর্যন্ত কোনো বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না পাওয়া গেলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। শুধু ভারত বা মায়ানমার নয়, একই দিনে দক্ষিণ আমেরিকার কলম্বিয়া ও ইকুয়েডরেও ৫.৪ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, সোমবারই ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে জাপানের উত্তর উপকূলীয় এলাকা বিধ্বস্ত হয়েছিল। কম্পনের আধ ঘণ্টার মধ্যেই সেখানে আছড়ে পড়ে সুনামির ঢেউ। কুজি বন্দরে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। জাপানের সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এশিয়ার অন্যান্য প্রান্তে বারবার কম্পন ভূবিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।





