চিন ইস্যুতে মোদী সরকারের ‘DDLJ’ নীতি, শাহরুখ খানের সিনেমার নামে কটাক্ষ কংগ্রেসের

চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ফের সরব হয়েছে কংগ্রেস। সোমবার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে বিঁধতে বলিউড অভিনেতা শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (DDLJ)-এর প্রসঙ্গ টেনেছেন। তাঁর দাবি, মোদী সরকার চিন ইস্যুতে ‘DDLJ’ নীতি অনুসরণ করছে।

কী এই ‘DDLJ’ নীতি?

জয়রাম রমেশ ‘DDLJ’ শব্দবন্ধের একটি নতুন ব্যাখ্যা দিয়েছেন: ‘D – ডিনাই (অস্বীকার), D- ডিসট্র্যাক্ট (দৃষ্টি ঘোরানো), L – লাই (মিথ্যা বলা) আর J – জাস্টিফাই (যৌক্তিকতা দেখানোর চেষ্টা)।’ তিনি অভিযোগ করেন, চিনা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার এই নীতি অনুসরণ করে মুখে কুলুপ এঁটেছে।

গালওয়ান প্রসঙ্গ ও রাহুল গান্ধীর মন্তব্য

২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় জওয়ানের আত্মবলিদানের প্রসঙ্গ টেনে রমেশ বলেন, “সেদিনের পর থেকে প্রতিটি দেশভক্ত নাগরিক জানতে চেয়েছে ঠিক কী ঘটেছিল। কিন্তু গত পাঁচ বছরে মোদী সরকার শুধু সত্য গোপনই করেনি, প্রশ্নের জবাব না দিয়ে দোষ এড়ানোর চেষ্টা করেছে।”

উল্লেখ্য, গালওয়ান নিয়ে মন্তব্যের জেরেই সম্প্রতি সুপ্রিম কোর্ট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কার্যত ধমক দিয়েছে। রাহুল গান্ধী দাবি করেছিলেন যে, চিন ভারতের বিরাট অংশ দখল করে নিয়েছে। এর প্রেক্ষিতে শীর্ষ আদালত তাঁর কাছে জানতে চায়, ২ হাজার বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখলের এই তথ্য তিনি কোথায় পেলেন। এরপরই বিজেপি নেতারা পাল্টা আক্রমণে নামেন।

মোদী সরকারের বিরুদ্ধে আট দফা প্রশ্ন

এই আবহে জয়রাম রমেশ আট দফা প্রশ্ন তুলে মোদী সরকারের বক্তব্য ও পদক্ষেপের মধ্যে ‘পরস্পরবিরোধিতা’ রয়েছে বলে দাবি করেছেন। তাঁর প্রশ্ন:

“১৫ জুন ২০২০-তে গালওয়ানে ২০ জন জওয়ানের প্রাণ গেল। অথচ ১৯ জুন প্রধানমন্ত্রী কেন বলেছিলেন — ‘না কেউ আমাদের সীমান্তে ঢুকেছে, না কেউ ঢুকে রয়েছে’? এই বক্তব্য কি চিনকে ক্লিন চিট দেওয়া নয়?”

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মতে, ২০২৪ সালের ২১ অক্টোবর হওয়া ‘উইথড্রয়াল অ্যাগ্রিমেন্ট’ যদি এপ্রিল ২০২০-র অবস্থানই পুনঃপ্রতিষ্ঠা করে, তবে ভারতীয় বাহিনী কি আগের মতো স্বাধীনভাবে পেট্রোলিং পয়েন্টে যেতে পারছে? নাকি এখন চিনের অনুমতি নিতে হচ্ছে?

২০২০ সালের কিছু রিপোর্টের কথা উল্লেখ করে কংগ্রেস নেতা আরও দাবি করেন যে, লাদাখের প্রায় হাজার বর্গকিমি এলাকা, যার মধ্যে ৯০০ বর্গকিমি ডেপসাং এলাকায়, চিনের দখলে চলে গেছে। এই ভূখণ্ড নিয়ে সরকারের কাছে জবাবদিহির দাবি জানান তিনি।

জয়রাম রমেশ আরও প্রশ্ন তোলেন, চিনের সঙ্গে উত্তেজনা চলাকালীন কেন ভারত চিনা পণ্যের উপর নির্ভরতা কমাতে পারেনি? এবং কেন চিনের মদতেই পাকিস্তানের সেনা অপারেশন ‘সিন্ধূর’-এর বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে?

সীমান্ত নিরাপত্তা, কূটনীতি ও বাণিজ্যিক নির্ভরতা – এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস ফের বিজেপি সরকারের উপর চাপ বাড়াল। এখন দেখার, কেন্দ্রের শাসক দল এর কী পাল্টা জবাব দেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy