নিজের গড়ে খোদ ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভরাডুবি রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তথ্য অনুযায়ী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজিত হয়েছেন। এই হারের ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে বুথভিত্তিক পরিসংখ্যানে।
ভবানীপুর কেন্দ্রে মোট ২৬৭টি বুথ রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এমন প্রায় ২৮টি বুথ রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০টিরও কম ভোট পেয়েছেন। উদাহরণস্বরূপ, ২৭ নম্বর বুথে তিনি পেয়েছেন মাত্র ১২টি ভোট, ১০৫ নম্বর বুথে ৩১টি, ১৭৬ নম্বর বুথে ২৯টি এবং ২৪৯ নম্বর বুথে ২৮টি ভোট। অর্থাৎ, এই বুথগুলিতে ভবানীপুরের ভোটাররা তাঁকে কার্যত প্রত্যাখ্যান করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, শুভেন্দু অধিকারী ভবানীপুরে ৭৩,১৯৭টি ভোট (৫৩.০২%) পেয়ে জয়ী হয়েছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮,৮১২টি ভোট (৪২.১৯%)। শুভেন্দু অধিকারী মোট ২০৭টি বুথে লিড পেয়েছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ৬০টি বুথে এগিয়ে থাকতে পেরেছেন। দীর্ঘদিনের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই বিধানসভা কেন্দ্রে মমতার এই শোচনীয় পরাজয় তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা এবং রাজ্যের রাজনৈতিক সমীকরণে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিতবাহী।





