ঘরে রক্তের দাগ, পাশে মদের বোতল, উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু সদ্য বিবাহিতা তরুণীর

উত্তরাখণ্ডের মুসৌরিতে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন ২৭ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মৃতার নাম পি রাধা গায়ত্রী, যিনি গুরগাঁওয়ের একটি স্বনামধন্য তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। সোমবার সকালে মুসৌরি-ধনৌলটি রোডের একটি হোমস্টে থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর বিশাখাপত্তনমের বাসিন্দা পি রাধা গায়ত্রীর সঙ্গে সৌম্য শ্রীচরণের বিয়ে হয়। দম্পতি হিসেবে সুন্দর মুহূর্ত কাটানোর পরিকল্পনায় ১৩ জুন দিল্লি থেকে তাঁরা উত্তরাখণ্ডে আসেন। হৃষিকেশে কিছুটা সময় কাটানোর পর ১৪ জুন রাতে তাঁরা মুসৌরির টিপরিধার এলাকার একটি হোমস্টের ‘ব্লিস’ নামে একটি ঘরে চেক-ইন করেন। স্বামীর বয়ান অনুযায়ী, রাতে মদ্যপানের পর ভোর সাড়ে ৩টে নাগাদ তাঁরা ঘুমোতে গিয়েছিলেন। কয়েক ঘণ্টা পর ঘুম ভাঙতেই সৌম্য দেখেন, তাঁর স্ত্রী ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছে। হোমস্টে কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়ার পর অ্যাম্বুল্যান্স কর্মীরা এসে গায়ত্রীকে মৃত ঘোষণা করেন।

তবে এই ঘটনাটি কেবল একটি সাধারণ মৃত্যু হিসেবে দেখতে নারাজ তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক চাঞ্চল্যকর সূত্র পেয়েছে। ঘরের বিছানার চাদর এবং মেঝেতে রক্তের দাগ ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এছাড়া ঘর থেকে দুটি খালি মদের বোতল ও কিছু খাবার উদ্ধার করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। গায়ত্রীর দেহটি দেহরাদূনের করোনেশন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার একটি মেডিক্যাল বোর্ডের মাধ্যমে ভিডিওগ্রাফি করে তরুণীর ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এখনও পর্যন্ত মৃতার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বিশাখাপত্তনমে থাকা গায়ত্রীর পরিবারের সদস্যরা উত্তরাখণ্ডের পথে রয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেন্সিক ফলাফল না আসা পর্যন্ত পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়। স্বামীর বয়ান ও পারিপার্শ্বিক প্রমাণের মধ্যে কোনো অসঙ্গতি আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ সৌম্য শ্রীচরণ এবং ওই হোমস্টের কর্মীদের টানা জিজ্ঞাসাবাদ করছে। বিয়ের মাত্র সাত মাসের মাথায় তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এই রহস্যমৃত্যু এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘ব্লিস’ নামের সেই ঘরের বদ্ধ দরজার আড়ালে ১৪ জুন রাতে ঠিক কী ঘটেছিল, এখন তারই উত্তরের অপেক্ষায় পুলিশ ও পরিবার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy