কেন্দ্রীয় সরকারি সংস্থায় কাজ করার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। কোল ইন্ডিয়া লিমিটেড (CIL) বিভিন্ন বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি (MT) ই-১ গ্রেডের ৬৬০টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মসংস্থানের এই বিশাল সুযোগে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
কোল ইন্ডিয়া যে ৬৬০টি শূন্যপদের তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে সিভিল বিভাগে ১৭৮টি, ইলেকট্রিক্যালে ২২১টি, মেকানিক্যাল বিভাগে ১৪৫টি এবং সিস্টেম বিভাগে ৪৩টি পদ রয়েছে। এ ছাড়াও ইলেকট্রনিক্স ও যোগাযোগ (E&T) বিভাগে ৩৮টি, ভূতত্ত্ব (জিওলজি) বিভাগে ১৫টি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১১টি, রাজভাষা (হিন্দি) বিভাগে ৫টি এবং কোম্পানি সেক্রেটারি পদের জন্য ৪টি শূন্যপদ নির্ধারণ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১২ মে সকাল ১০টা থেকে। ইচ্ছুক প্রার্থীরা ১১ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের সুবিধার্থে জানানো হচ্ছে যে, কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক বা বিই/বিটেক/বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সায়েন্স বা তথ্যপ্রযুক্তি বিভাগের জন্য এমসিএ ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য। ভূতত্ত্ব বিভাগের জন্য এমএসসি বা এমটেক ডিগ্রি প্রয়োজন। এছাড়া রাজভাষা পদের জন্য হিন্দিতে মাস্টার্স ডিগ্রি এবং স্নাতক স্তরে হিন্দি ও ইংরেজি বিষয় থাকা আবশ্যিক।
প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ এপ্রিল ২০২৬ অনুযায়ী ৩০ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা (CBT), নথিপত্র যাচাই এবং মেধা তালিকার ভিত্তিতে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকার মধ্যে হবে, সঙ্গে থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা। সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি ১১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে এসসি/এসটি এবং কোল ইন্ডিয়ার কর্মীদের জন্য কোনো ফি লাগবে না।





