কলকাতায় সকালে মেট্রো বিভ্রাট! চাঁদনি চক স্টেশনে ধোয়া, চলন্ত ট্রেনে দেখা গেল আগুনের ফুলকি

বৃহস্পতিবার সকালে কলকাতা মেট্রোয় দেখা গেল বিভ্রাট। সকাল ৮টা ৫ মিনিট নাগাদ চাঁদনি চক স্টেশনে দক্ষিণেশ্বরগামী একটি চলন্ত মেট্রো রেকের তলা থেকে আগুনের ফুলকি এবং ধোঁয়া বেরোতে দেখা যায়, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তড়িঘড়ি মেট্রো রেকটিকে খালি করে দেওয়া হয় এবং প্রায় ১৫ মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত থাকে।

ঘটনাটি ঘটে যখন আপ লাইনের মেট্রোটি চাঁদনি চক স্টেশনে ঢুকছিল। একটি কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর পেয়ে মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং অবিলম্বে যাত্রীদের নামিয়ে রেকটি খালি করার নির্দেশ দেন। খালি রেকটিকে কারশেডে নিয়ে যাওয়া হয়।

অফিস টাইমে এই আকস্মিক বিভ্রাটের কারণে কিছুক্ষণের জন্য নিত্যযাত্রীরা অসুবিধায় পড়েন। তবে মেট্রো কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যাত্রীদের পরের মেট্রোতে তুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে এটিকে যান্ত্রিক ত্রুটি বলেই মনে করা হচ্ছে। তবে, চলন্ত মেট্রোর তলা থেকে কেন ধোঁয়া বা আগুনের ফুলকি দেখা গেল, তা খতিয়ে দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy