‘কর্মের ফল ভোগ করছেন’, -TMC-র স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক দেব!

দীর্ঘদিনের দাপটের অবসান। তোলাবাজি, শ্লীলতাহানি ও অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার হয়েছেন টলিউডের প্রাক্তন ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতা স্বরূপ বিশ্বাস। ১৩ দিনের পুলিশি হেফাজতে যাওয়ার পর এবার তাঁকে নিয়ে মুখ খুললেন টলিউড সুপারস্টার তথা অভিনেতা দেব। স্বরূপ বিশ্বাসের এই পতনে দেবের কথায় যেন দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও স্বস্তির সুর মিশে রয়েছে।

‘হেরে যাওয়া মানুষের সঙ্গে লড়াই করব না’ স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর দেবের প্রতিক্রিয়া ছিল স্পষ্ট ও কড়া। তিনি বলেন, ‘‘একজন হেরে যাওয়া মানুষকে নিয়ে কী বলব! তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন সবার জীবনে খারাপ সময় এনেছিলেন। আজ তিনি নিজের কর্মের ফল ভোগ করছেন। আমি চাই না কেউ জেলে যাক, কিন্তু তিনি যে অন্যায় করেছেন, তার পরিণতি তো তাঁকে পেতেই হতো।’’

‘আমাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল’ দেব আরও বলেন, ‘‘আগে ইন্ডাস্ট্রি স্বাধীন ছিল, অনুমতি নেওয়ার কোনো বিষয় ছিল না। স্বরূপ বিশ্বাস আসার পর অনুমতি নেওয়ার ব্যবস্থা চালু করেন। তিনি আমাকেও সমাজমাধ্যমে ক্ষমা চাইতে বলেছিলেন, হুমকি দিয়েছিলেন যে, না মানলে কাজ করতে দেওয়া হবে না। এমনকি আমার ছবি রিলিজ় আটকানোর চেষ্টাও হয়েছিল। আমি ডিসেম্বর মাস থেকে লড়াই চালিয়ে গেছি।’’

আর্টিস্ট ফোরাম ও টেকনিশিয়ানদের বঞ্চনা ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগে দেব বলেন, ‘‘স্বরূপ বিশ্বাস অনেক শিল্পী ও টেকনিশিয়ানকে ব্যান করে রেখেছিলেন। আমি আর্টিস্ট ফোরামকে মেইল করে প্রশ্ন করেছিলাম, কেন তারা কোনো পদক্ষেপ করছে না? আমি চাইতাম আমার টেকনিশিয়ানরা নির্ভয়ে কাজ করুন। আজ যাঁরা মাথা উঁচু করে লড়াই চালিয়ে গেছেন, তাঁদের সম্মান ও স্বস্তি দুটোই বেড়েছে।’’

মমতার প্রতি শ্রদ্ধাশীল দেব যদিও ‘বিশ্বাস ব্রাদার্স’-এর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেব, তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর ব্যক্তিগত শ্রদ্ধা অটুট রয়েছে। তিনি স্পষ্ট জানান, স্বরূপ বিশ্বাসের সঙ্গে রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকলেও, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই এবং তিনি তাঁর সুস্বাস্থ্যের কামনা করেন।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে দেব বনাম স্বরূপ বিশ্বাসের তর্জা টলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। স্ক্রিনিং কমিটি থেকে শুরু করে ‘ব্যান কালচার’—প্রতিটি ক্ষেত্রেই স্বরূপের একাধিপত্যের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন দেব। আজ স্বরূপের এই গ্রেফতারি যেন সেই দীর্ঘ লড়াইয়ের এক পরিণতি বলেই মনে করছে টলিউড মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy