‘ওঁরা দেশদ্রোহী কাজ করে…! দ্বিতীয় দফার আগে চায়ের আড্ডায় রণংদেহি দিলীপ ঘোষ

রাজ্যে প্রথম দফার ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার কাউন্টডাউন। আর এই হাই-ভোল্টেজ আবহেই সাতসকালে চায়ের আড্ডায় মেজাজি মেজাজে ধরা দিলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। উত্তর কলকাতার কাঁকুড়গাছি সুভাষ মেলা উদ্যান সংলগ্ন মতিলাল বসাক লেনে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে প্রচারে ঝড় তুললেন তিনি।

“তাপস দা প্রিমিয়ার লিডার, আমি ছোট ভাই”

এদিন চায়ের আড্ডায় খোশমেজাজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “গতকাল হাওড়া ছিলাম, আজ মানিকতলায়। দল যেখানে পাঠাচ্ছে সেখানেই যাচ্ছি। তাপস দা আমার দাদার মতো, তিনি একজন প্রিমিয়ার লিডার। কলকাতার মানুষের সঙ্গে একটু চায়ের আড্ডায় আড্ডা দিলাম, কর্মীদের চাঙ্গা করলাম।”

বিরোধীদের ‘ডাণ্ডা’ পেটা করার হুঁশিয়ারি!

প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে দাবি করে দিলীপের হুঙ্কার, “দ্বিতীয় দফায় আমরা ওদের (তৃণমূলের) কোর এলাকায় ঢুকছি। নির্বাচন কমিশন তৈরি আছে, তৃণমূল কিছু করতে পারবে না। সাধারণ মানুষকে বলব নির্ভয়ে ভোট দিন। তৃণমূল ৪ তারিখ (ভোটের দিন) অবধি জিতবে, কিন্তু আমরা জিতব ৪ তারিখের (ফলাফল) পরে।” দাঙ্গা প্রসঙ্গে তাঁর সাফ কথা— “দাঙ্গা লাগাতে এলেই ডাণ্ডা ভাঙবে!”

 

যাদবপুর নিয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর স্মরণ

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যের রেশ টেনে দিলীপ ঘোষ বলেন, “যাদবপুরে মেধাবী ছেলেরা পড়ে ঠিকই, কিন্তু একাংশ দেশদ্রোহী কাজ করে। বাবুল সুপ্রিয় থেকে রাজ্যপাল— কার সঙ্গে কী ব্যবহার করা হয়েছে তা সবাই দেখেছে। তবে এটাও মনে রাখা উচিত, আমরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। এটা ভুলে গেলে চলবে না।”

ইডির তল্লাশি ও রাঘব চাড্ডা প্রসঙ্গ

ভোটের মুখে ইডির অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাজ্যে যা দুর্নীতি হয়েছে, তাতে ইডি সারা বছরই সক্রিয় থাকবে।” অন্যদিকে, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নিয়ে তাঁর খোঁচা, “ধান্দাবাজির দল ক্ষমতার বাইরে গেলেই নিশ্চিহ্ন হয়ে যায়। আপ-এর ভালো লোকরা তাই বিজেপিতেই আসছেন।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy