টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ রানে জয় পেলেও ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্সে একেবারেই খুশি নন সুনীল গাভাসকর। ওয়াংখেড়েতে ভারতের হয়ে সূর্যকুমার যাদব ৮৪ রানের দুর্দান্ত ইনিংস না খেললে জয় পাওয়া কঠিন হতো বলে মনে করছেন তিনি। গাভাসকর স্পষ্ট জানিয়েছেন, প্রথম ৮ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা কোনো পেশাদার দলের লক্ষণ নয়।
কিংবদন্তি লিটল মাস্টার বলেন, “ভারতীয় দলে ব্যাটিং গভীরতা অনেক। কিন্তু পাওয়ার-প্লে-তেই যদি প্রথম সারির চারজন ব্যাটার সাজঘরে ফিরে যান, তবে দল চাপে পড়বেই। আমেরিকার বিরুদ্ধে এটা হয়তো ধোপে টিকেছে, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন বড় দলগুলোর বিরুদ্ধে এই মানসিকতা নিয়ে খেলা যাবে না।” তিনি আরও মনে করিয়ে দেন যে, বিশ্বকাপ জেতার জন্য পাওয়ার-প্লে-তে উইকেটের গুরুত্ব বুঝতে হবে ব্যাটারদের। বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিংয়ের পারফরম্যান্সের প্রশংসা করলেও, ব্যাটারদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।





