কলঙ্কিত মার্কিন ধনকুবের তথা যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তিব্বতি আধ্যাত্মিক নেতা দলাই লামার নাম জড়িয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা নিয়ে এবার কড়া বিবৃতি জারি করল দলাই লামার অফিস। সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে দাবি করা হয়েছিল যে, মার্কিন বিচার বিভাগের (DOJ) প্রকাশিত নতুন ‘এপস্টাইন ফাইলস’-এ দলাই লামার নাম অন্তত ১৬৯ বার উঠে এসেছে। এই প্রতিবেদনগুলোকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বৌদ্ধ ধর্মগুরুর দফতর।
বিবৃতিতে কী বলা হয়েছে? দলাই লামার অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করছি যে মহামান্য দলাই লামা কখনও জেফরি এপস্টাইনের সঙ্গে দেখা করেননি। এমনকি তিনি তাঁর হয়ে কাউকে এপস্টাইনের সঙ্গে কোনও বৈঠক বা যোগাযোগের অনুমতিও দেননি।” বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, এপস্টাইনের কোনও কার্যকলাপ বা তাঁর কথিত ‘স্যালন’ বৈঠকের সঙ্গে দলাই লামার দূরতম কোনও সম্পর্ক নেই।
বিতর্কের মূলে কী? কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ২০১২ সালের অক্টোবর মাসের কিছু ইমেলে দলাই লামার সঙ্গে এপস্টাইনের বৈঠকের ইঙ্গিত ছিল। এমনকি ‘ম্যাসেজ ফর ডামিস’ নামক একটি বইয়ের সূচিপত্রেও তাঁর নাম পাওয়ার দাবি তোলা হয়েছিল। সাংবাদিক মাইকেল উলফের একটি পডকাস্টের পর এই জল্পনা আরও বৃদ্ধি পায়। তবে তিব্বতীয় আধ্যাত্মিক নেতৃত্বের দাবি, এগুলি সবই বিভ্রান্তিকর তথ্য।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত এপস্টাইন ফাইলসে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, বিল গেটস এবং ইলন মাস্কের মতো বিশ্বের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। সেই তালিকায় দলাই লামার নাম জুড়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





