নিরাপদ আশ্রয় ভেবে পিসির বাড়িতে রেখে আসা হয়েছিল ১৬ দিনের একরত্তিকে। কিন্তু সেখানেও শেষরক্ষা হল না। নিজের অপুষ্ট ও দুর্বল সন্তানকে পছন্দ না হওয়ায় তাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকলের শিবনগরে এই নারকীয় ঘটনায় স্তম্ভিত গোটা জেলা। মৃত শিশুর নাম সালমান মণ্ডল। অভিযুক্ত মা অরুণা খাতুনকে (২৫) ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, শিবনগরের বিশ্বাসপাড়ায় পিসির বাড়িতে ছিল শিশুটি। বৃহস্পতিবার পিসিমা ডাক্তার দেখাতে গেলে সেই সুযোগ কাজে লাগান অরুণা। অন্য এক মহিলার কাছে থাকা শিশুকে দুধ খাওয়ানোর নাম করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ না মেলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে দরজা খুলতেই দেখা যায় নিথর হয়ে পড়ে আছে ১৬ দিনের সালমান। অভিযোগ, জন্মের পর থেকেই শিশুটি দুর্বল হওয়ায় অরুণা তাকে দুষতেন এবং বিরক্তি প্রকাশ করতেন।
মৃত শিশুর বাবা লালন মণ্ডল কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন, সাড়ে চার বছরের দাম্পত্যে এটাই ছিল তাঁদের প্রথম সন্তান। তিনি কাজে থাকাকালীন এই ঘটনা ঘটে। গ্রামবাসীদের দাবি, অরুণা মানসিকভাবে অসুস্থ নন, বরং সন্তান পছন্দ না হওয়াতেই এই চরম পথ বেছে নিয়েছেন তিনি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মা’র মমতা যেখানে রক্ষাকবচ হওয়ার কথা, সেখানেই মা’র হাতে সন্তানের এই পরিণতিতে ক্ষোভে ফুঁসছে শিবনগর।