লীলাবতী হাসপাতালের ওপর চরম চটেছেন সলমন! বাবা সেলিম খানের ব্যক্তিগত তথ্য ফাঁসে রণমূর্তি ভাইজানের!

গত ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানকে। মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্তচাপজনিত সমস্যার কারণে তাঁকে আইসিইউ-তে (ICU) রাখা হয়েছে। তবে বাবার অসুস্থতার মাঝেই এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন সুপারস্টার সলমন খান। হাসপাতালের চিকিৎসকদের ওপর প্রচণ্ড বিরক্ত তিনি। অভিযোগ, পরিবারের অনুমতি ছাড়াই প্রবীণ চিত্রনাট্যকারের ব্যক্তিগত স্বাস্থ্যের আপডেট এবং বুলেতিন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
কেন ক্ষুব্ধ খান পরিবার? সলমন খান এবং তাঁর পরিবারের দাবি, শারীরিক অবস্থা সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। অথচ লীলাবতী হাসপাতালের চিকিৎসক ডক্টর জলিল পার্কার সংবাদমাধ্যমের সামনে এসে সেলিম খানের ভেন্টিলেশন সাপোর্ট, ব্রেন হেমারেজ এবং ডিএসএ (DSA) পদ্ধতির মতো সংবেদনশীল তথ্য শেয়ার করেছেন। সলমন মনে করছেন, এতে তাঁর বাবার গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে এবং জনমনে অপ্রয়োজনীয় জল্পনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, সলমন হাসপাতাল কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পরিবারের অনুমতি ছাড়া যেন আর কোনও মেডিক্যাল আপডেট বাইরে না আসে।
সেলিম খানের বর্তমান অবস্থা: বর্তমানে ৯০ বছর বয়সি সেলিম খানের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের মতে, বার্ধক্যজনিত কারণে তাঁর সেরে উঠতে কিছুটা সময় লাগলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সলমন তাঁর সমস্ত শুটিং বাতিল করে বর্তমানে হাসপাতালেই সময় কাটাচ্ছেন। আরবাজ, সোহেল এবং পরিবারের বাকি সদস্যরাও পালা করে বাবার দেখাশোনা করছেন। তবে হাসপাতালের এই ‘অসৌজন্যমূলক’ আচরণ নিয়ে সলমনের ক্ষোভ এখন টিনসেল টাউনের টক অফ দ্য টাউন।