এক হাঁটু কাদার প্রতিবাদে রাস্তায় ধানের চারা পুঁতলেন বাঁকুড়ার গ্রামের মহিলারা

একটি মাত্র কাঁচা রাস্তার ওপর নির্ভরশীল সাত থেকে আটটি গ্রামের হাজার হাজার মানুষ। বর্ষার কারণে সেই রাস্তা এখন হাঁটু সমান কাদায় ডুবে থাকায় যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছে বারবার আবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় এবার প্রতিবাদে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। ঘটনাটি বাঁকুড়ার ছাতনা ব্লকের বৃন্দাবনপুর গ্রামে ঘটেছে।

ছাতনা ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের পড়াশিবনা, বৃন্দাবনপুর, কেলাই, তালারডাঙ্গা, জিয়াড়া-সহ মোট সাতটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথ হলো পড়াশিবনা থেকে কেলাই পর্যন্ত রাস্তাটি। এর মধ্যে পড়াশিবনা থেকে বৃন্দাবনপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশ অত্যন্ত বেহাল। সম্প্রতি স্থানীয় গ্রাম পঞ্চায়েত এই অংশে মাটি দিয়ে মেরামত করলেও, বর্ষার জলে সেই মাটি কাদা হয়ে যাতায়াতকে আরও দুর্বিষহ করে তুলেছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার বর্তমান অবস্থা ধানের জমির থেকেও খারাপ।

স্থানীয়দের দাবি, ভোটের সময় নেতারা ভোট চাইতে গ্রামে এলেও রাস্তার হাল ফেরাতে কোনো জনপ্রতিনিধিকে উদ্যোগী হতে দেখা যায়নি। বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগ সহ্য করছেন। তাই স্থায়ী সমাধানের দাবিতে আজ বৃন্দাবনপুর গ্রামের মহিলারা রাস্তায় নেমে অভিনব প্রতিবাদ জানান। তারা রাস্তার হাঁটু সমান কাদায় দাঁড়িয়ে ধানের চারা পুঁতে বিক্ষোভ প্রদর্শন করেন।

গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, অবিলম্বে যদি রাস্তার অবস্থার উন্নতি না করা হয়, তাহলে তারা বিডিও অফিস ঘেরাও করবেন। তাদের দাবি, স্থানীয় প্রশাসনকে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy