‘এই আনন্দ ভাষায় বোঝানো মুশকিল’-বিশ্বকাপজয়ী রিচা ঘোষের বাবা মনবেন্দ্র ঘোষের প্রতিক্রিয়া

পুরুষদের পর মহিলাদের বিশ্বজয়ের পর এখন গোটা দেশের চোখ ভারতীয় দলের বঙ্গকন্যা রিচা ঘোষের দিকে। সৌরভ, ঝুলন যা পারেননি, ২১ বছর বয়সী সেই শিলিগুড়ির মেয়েই করে দেখালেন— তিনি প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী ক্রিকেটার! বিশ্বজয়ের পরের দিন সকালে কথা বললেন গর্বিত পিতা মনবেন্দ্র ঘোষ।

মধ্যরাতে বিশ্বজয়ের পর থেকে সকাল পর্যন্ত এক মুহূর্তও দু’চোখের পাতা এক করতে পারেননি মনবেন্দ্র। আনন্দে ভেসে যাচ্ছে গোটা দেশ, আর সেখানে রিচার বাবা এখনও মেয়ের সঙ্গে কথা বলতে পারেননি।

মনবেন্দ্র ঘোষের প্রতিক্রিয়া: “আসলে এটার থেকে বড় সাফল্য তো আর কিছু হয় না। এই জয়ের যে আনন্দ তা ভাষায় বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। আমরা অ্যাকশনে যেটা পারি সেটা মুখে বলা খুব মুশকিল।”

‘সন্তানরা একটু রোল প্লে করলে স্যাটিসফ্যাকশন আরও বেশি হয়’

বিশ্বজয়ে রিচার অবদান বিরাট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৬ বলে ২৬ রানের ক্যামিও, এবং উইকেটের পেছনে তাঁর বিশ্বস্ত হাত—সব মিলিয়ে তৃপ্ত মনবেন্দ্র ঘোষ।

তিনি বলেন, “এই ধরনের সাফল্য আরও মধুর হয়ে যায় মা-বাবার কাছে, যদি তাঁদের সন্তানরা একটা বড় ভূমিকা পালন করে। গোটা দলটাই ভালো খেলেছে। কিন্তু তার মধ্যে যদি আমাদের সন্তানরা একটু রোল প্লে করে, তখন কিন্তু স্যাটিসফ্যাকশনটা আরও বেশি হয়।”

বাড়িতে ফিরলে কী রান্না হবে? বাবা জানালেন ‘অনিয়ম’ হবে!

বিশ্বকাপ জেতার পর বাড়ি ফিরলে মেয়ের জন্য কী রান্না হবে, সেই নিয়েও কথা বললেন রিচার বাবা। তিনি জানান, রান্নার বিষয়টি রিচার মা-ই ভালো বলতে পারবেন।

মনবেন্দ্র বলেন, “ওকে তো সবসমই খুব নিয়মের মধ্যে থাকতে হয়, ফলে খুব বেশি ইচ্ছে থাকলেও করা যাবে কিনা জানি না। তবে বিশ্বকাপ জিতেছে, দুই একদিন একটু অনিয়ম চলতেই পারে। সে জন্যই ফ্রায়েড রাইস হবে।”

‘ছোট থেকেই স্বপ্ন দেখিয়েছে’

কথা বলতে বলতেই রিচার ছোটবেলার দিনগুলিতে ফিরে যান তাঁর বাবা। তিনি বলেন, “ছোট থেকেই ও আমাদের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্নে আমরাও বিশ্বাস করে এসেছি। আজ সেই সব সত্যি হল।”

শিলিগুড়ি ফিরলে নিশ্চিতভাবেই রিচার জন্য ‘গ্র্যান্ড সেলিব্রেশন’ হবে। কিন্তু কীভাবে এবং ঠিক কী কী হবে, তা এখনও ঠিক করে উঠতে পারেননি বাবা মনবেন্দ্র। রাতভর সবার সঙ্গে কথা বলেছেন, মেতেছেন উৎসবে। এখন তিনি আপাতত ফোন ছেড়ে একটু বিশ্রাম নিতে চান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy