“ইউপিআই থেকে ডেবিট কার্ড”—ডিজিটাল লেনদেনে RBI-এরঐতিহাসিক বদল!

শপিং মল হোক বা পাড়ার দোকান— পকেটে নগদ না থাকলেও এখন কেল্লাফতে হয় মোবাইলের এক ক্লিকেই। কিন্তু ডিজিটাল লেনদেনের এই জোয়ারে বাড়ছে জালিয়াতির আতঙ্কও। সাধারণ মানুষকে ফিশিং বা সিম স্ক্যাম থেকে বাঁচাতে এবার ১ এপ্রিল, ২০২৬ থেকে অনলাইন পেমেন্টের নিয়মে আমূল পরিবর্তন আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)

কী এই ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’?

এতদিন অনলাইন লেনদেনের ক্ষেত্রে শুধুমাত্র ওটিপি (OTP) দিলেই পেমেন্ট সফল হতো। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে ওটিপি-র ওপর এককভাবে ভরসা করা চলবে না। লেনদেন সম্পন্ন করতে হলে গ্রাহককে অন্তত দুটি স্তরের ভেরিফিকেশন প্রক্রিয়া পার করতে হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই নির্দেশ জারি হলেও, আগামী ১ এপ্রিল থেকে তা বাধ্যতামূলক হচ্ছে।

কী কী বদল আসছে?

এখন থেকে টাকা পেমেন্ট করার জন্য দুটি আলাদা ‘সিকিউরিটি গেট’ পার করতে হবে। যেমন:

  • ওটিপি + পিন (PIN): ওটিপি দেওয়ার পাশাপাশি পিন নম্বরও দিতে হতে পারে।

  • বায়োমেট্রিক + ডিভাইস বাইন্ডিং: আঙুলের ছাপ বা ফেস আইডির সাথে আপনার নির্দিষ্ট ফোনটির লিঙ্ক থাকা জরুরি।

  • টোকেন + পাসওয়ার্ড: ব্যাঙ্কিং অ্যাপের ভার্চুয়াল টোকেনের সাথে পাসওয়ার্ড ব্যবহার।

উদাহরণস্বরূপ: আপনি যদি দোকানে গিয়ে ডেবিট কার্ড সোয়াইপ করেন, তবে শুধু পিন দিলেই হবে না, আপনার মোবাইলে আসা ওটিপি-টিও সেখানে ইনপুট করতে হবে। অর্থাৎ পেমেন্ট হবে আগের চেয়েও অনেক বেশি সুরক্ষিত।

কেন এই কড়াকড়ি?

আরবিআই-এর মতে, অনলাইন জালিয়াতি রুখতে এই দ্বিমুখী নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কার্যকর। ক্রেডিট কার্ডে এই নিয়ম আগেই চালু ছিল, এবার ডেবিট কার্ড এবং অন্যান্য ডিজিটাল পেমেন্টেও এটি কার্যকর হচ্ছে। এর ফলে হ্যাকাররা ওটিপি পেলেও পিন বা বায়োমেট্রিক ছাড়া আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না।

১ এপ্রিল থেকে এই নতুন ব্যবস্থার জন্য তৈরি তো আপনি? পেমেন্ট করার সময় হাতে একটু বাড়তি সময় রাখুন এবং ব্যাঙ্কিং অ্যাপ আপডেট করে নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy