তিন বছর আগের সেই ভয়ংকর স্মৃতি কি ফিরল আসানসোলে? আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির সেই কম্বল প্রদান অনুষ্ঠানের স্মৃতি উস্কে দিয়ে ফের উত্তপ্ত উত্তর আসানসোল। তবে এবার প্রেক্ষাপট আলাদা। বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদের একটি কম্বল বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ওঠা শ্লীলতাহানির অভিযোগ এবং তার পরবর্তী পুলিশি তৎপরতায় আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকা এখন কার্যত পুরুষশূন্য।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে, যখন শালডাঙা এলাকায় কম্বল বিতরণ করতে যান কৃষ্ণা প্রসাদ। সেখানে একদল যুবক তাঁকে বাধা দেয় এবং ‘গো ব্যাক’ স্লোগান তোলে। পরিস্থিতি উত্তপ্ত হলে নেতা এলাকা ছাড়লেও পরে তাঁর সমর্থকরা কম্বল বিলি করেন। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। এলাকার এক মহিলা কৃষ্ণা প্রসাদ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন। তৃণমূল কাউন্সিলর শ্যাম সরেনের নেতৃত্বে এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করা হয়।
পুলিশি ধরপাকড়ের আতঙ্কে রায়পাড়ার পুরুষরা ঘর ছেড়ে পালিয়েছেন বলে দাবি স্থানীয় মহিলাদের। শুভ্রা দাস বা শিবানী বেসরার মতো গ্রামবাসীদের দাবি, রাজনীতির জেরে নিরীহ মানুষদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। ঘরে পুরুষ না থাকায় সংসার চালানো দায় হয়ে পড়েছে। যদিও বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ একে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং গ্রাম পুরুষশূন্য হওয়ার দাবি সত্য নয়। তবে গ্রামজুড়ে এখনও চাপা আতঙ্ক কাজ করছে।