আরজি কর কাণ্ডে বিরাট মোড়, নির্যাতিতার পরিবারের দাবিতে নতুন সিট গঠন হাইকোর্টের!

আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি হলো এক নতুন প্রশাসনিক ও আইনি মোড়। দীর্ঘ টালবাহানার পর নির্যাতিতার পরিবারের দাবি ও অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তিন সদস্যের একটি নতুন সিট (SIT) গঠনের নির্দেশ দিয়েছে। আদালতের এই নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আবারও ঘটনাস্থলে গিয়ে সমস্ত তথ্য ও নথি নতুন করে খতিয়ে দেখতে হবে।

ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অপরাধের ধরন এবং সামাজিক গুরুত্বের কথা মাথায় রেখে এই তদন্তকে নতুন দৃষ্টিভঙ্গিতে বিচার করতে হবে। ঘটনার দিন অর্থাৎ সেই নৃশংস রাতের পরিস্থিতি থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত কী কী ঘটেছিল, তার প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখবে এই নতুন সিট। আগামী ২৪ জুন, বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং সেই দিনই সিবিআই-কে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, এর আগের শুনানিতেই হাইকোর্ট সিবিআই-কে আরজি কর হাসপাতালের সম্পূর্ণ ঘটনাস্থল অবিলম্বে সিল করার নির্দেশ দিয়েছিল। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বার সহ হাসপাতালের যে যে জায়গার যোগসূত্র রয়েছে, তা সিল করার নির্দেশ দেওয়া হলেও সিবিআই শুধুমাত্র সেমিনার হল সিল করেছিল। আদালত সেই ঢিলেমি নিয়ে প্রশ্ন তুলে পুনরায় কড়া বার্তা দেয়।

নির্যাতিতার মা-বাবা সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলাটি এর আগে হাইকোর্টের একাধিক বেঞ্চ থেকে সরে দাঁড়ানোর পর, প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে বর্তমান ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। গত বৃহস্পতিবার শুনানি শেষে আদালত এই গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে।

এদিকে, রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজি কর মামলার ফাইল নতুন করে খোলার নির্দেশ দিয়েছেন। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার পর থেকেই তদন্তের মোড় ঘুরেছে। ঘটনার সময় কোনো প্রভাবশালী মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর থেকে কোনো নির্দেশ এসেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখন হাইকোর্টের নতুন সিট গঠনের নির্দেশের পর সিবিআই কতটা দ্রুত রহস্যভেদ করতে পারে, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy