টানা ১৯টি সিজনের আকাশছোঁয়া সাফল্যের পর ফের টিভির পর্দায় ধামাকা নিয়ে ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’। আর এবারের ২০তম সিজনেও হোস্টের ভূমিকায় থাকছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। সব ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে এই মেগা শো-এর শুটিং।
সূত্রের খবর, সলমন খান তাঁর বর্তমান সিনেমার কাজ দ্রুত শেষ করার দিকে নজর দিচ্ছেন, যাতে ‘বিগ বস’-এর জন্য তিনি হাতে পর্যাপ্ত সময় রাখতে পারেন। সলমনের পাশাপাশি নির্মাতারাও এখন থেকেই শো-এর প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছেন।
এবারের সিজনটি বিশেষ হতে চলেছে কারণ এতে থাকছেন একাধিক চমক। যদিও প্রতিযোগীদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে কাস্টিং টিম ইতিমধ্যেই জনপ্রিয় কিছু টেলিভিশন তারকাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে—এবারের সিজনে ‘বিগ বস’-এর পুরনো জনপ্রিয় প্রতিযোগীদেরও নতুন রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন নির্মাতারা। ফলে নতুন ও পুরনো তারকার মেলবন্ধনে ‘বিগ বস ২০’ যে দর্শকদের জন্য নতুন কোনো উত্তেজনার কারণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।





