ওড়িশার সুন্দরগড় জেলায় মঙ্গলবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ট্রাক চালক। জাতীয় সড়ক ১০-এর ওপর ভস্মা থানার অন্তর্গত কেন্ট্রা এলাকায় মুখোমুখি সংঘর্ষের পর দুই ট্রকেই বিধ্বংসী আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়সুগুড়া থেকে সুন্দরগড়গামী একটি ট্রাক চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে চলে আসে এবং সুন্দরগড় থেকে আসা অপর একটি ট্রকের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় একটি ট্রাকের ডিজেল ট্যাঙ্ক ফেটে গেলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যে দুই ট্রাক দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রাকের কেবিনে আটকে পড়ে প্রাণ হারান দুই চালক। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও চালকদের বাঁচানো সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় মৃতদেহগুলো এতটাই পুড়ে গেছে যে প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।





