অ্যান্টিভেনম না দিয়েই সাপের কামড়কে ‘কাঠির আঘাত’ বললেন ডাক্তার! ১২ বছরের কিশোরের মর্মান্তিক মৃত্যু, বাঁকুড়ায় তুমুল বিক্ষোভ

বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়াল। সাপের কামড় নিয়ে আসা বছর বারোর এক কিশোরকে সময়মতো অ্যান্টিভেনম না দিয়ে ভুল চিকিৎসা করা হয়েছে, এমন অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও স্থানীয় কয়েকশো মানুষ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার ছাতনা থানার সরবেড়িয়া গ্রামের সন্দীপ রানাকে (১২) ধানের জমিতে সাপে কামড়ায়। পাঁচ মিনিটের মধ্যে তাকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অভিযোগ, চিকিৎসক তাকে অ্যান্টিভেনম দেননি। বরং সন্দীপকে তার বাবা-মাকে ডেকে আনতে বলা হয়। পরিবার বলছে, অভিভাবকরা আসার পর চিকিৎসক নাকি সাপের কামড়কে ‘কাঠির আঘাত’ বলে চালিয়ে দেন।

পরিবারের সদস্যদের ক্রমাগত চাপের মুখে শেষমেশ সন্দীপকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়। কিন্তু এই গড়িমসির ফলে বহু মূল্যবান সময় নষ্ট হয়। বুধবার সন্ধ্যায় চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় কিশোর সন্দীপের।

ময়নাতদন্তের পর সন্দীপের মরদেহ গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মৃতদেহ নিয়ে গিয়ে পুনরায় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো মানুষ। তাদের মূল অভিযোগ—হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতেই এই মর্মান্তিক মৃত্যু। জনরোষ বাড়তে থাকলে পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy