অমেঠির ভোটার তালিকা থেকে উধাও স্মৃতি ইরানির নাম! প্রাক্তন মন্ত্রীর নাম কাটে কীভাবে? শুরু তদন্ত

লোকসভা নির্বাচনে হারের ক্ষত শুকানোর আগেই নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। উত্তরপ্রদেশের অমেঠির ভোটার তালিকা থেকে তাঁর নাম রহস্যজনকভাবে বাদ পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে।

স্মৃতি ইরানি ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচনে অমেঠিতেই ভোট দিয়েছিলেন। মেদান মাওয়াই গ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে সেখানে জমি কিনে পাকাপাকি বাড়িও তৈরি করেছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি অমেঠির সংশ্লিষ্ট বুথের নতুন ভোটার তালিকা প্রকাশিত হলে দেখা যায়, সেখানে স্মৃতি ইরানির নাম নেই। প্রথম বিষয়টি নজরে আনেন ওই গ্রামের সরপঞ্চ।

এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বর্তমান সাংসদ কিশোরী লাল শর্মা। অন্যদিকে, বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অমেঠির জেলাশাসক তথা রিটার্নিং অফিসার সঞ্জয় চৌহান জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন মন্ত্রীর নাম কীভাবে তালিকা থেকে ডিলিট হলো, তা কোনো প্রশাসনিক ভুল না কি অন্য কোনো গড়বড়, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে নির্বাচন দফতরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই চূড়ান্ত ভোটার তালিকায় স্মৃতি ইরানির নাম যুক্ত করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy