Weather: বিদায়ের পথে বর্ষা, কবে থেকে শুরু হবে শীত? রইল ৩ দিনের পূর্বাভাস

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার দুপুরের পর কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ যে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল, সপ্তাহান্তেও তার প্রভাব বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিনের মধ্যে বাংলার কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং মঙ্গলবার থেকেই শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। পশ্চিমের জেলাগুলিতে অবশ্য সোমবার থেকেই বর্ষা বিদায় নিয়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে শুরু করবে।
শনিবার বিশেষ করে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
শনিবার: কলকাতায় মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার: একইরকম আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সোমবার: আবহাওয়ার কিছুটা বদল হবে। আংশিক মেঘলা আকাশ ও বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
মঙ্গলবার থেকে: বৃষ্টি থামবে। বুধ ও বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যাবে। তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তরবঙ্গের খবর:
উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং বৃষ্টি থামবে। উত্তরবঙ্গের কোনও জেলায় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়নি।