বিয়ে নিয়ে অনভিপ্রেত প্রশ্ন! ‘তোমার বাবার টাকায় চলি না’, মেজাজ হারালেন ৬৭-র নীনা গুপ্তা

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সিনে-কেরিয়ার, সবক্ষেত্রেই বরাবর নিজের শর্তে বেঁচেছেন প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্ক, বিবাহবহির্ভূত সন্তান লালন-পালন করে ‘সিঙ্গল মাদার’ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পরা, সবেতেই সাহসের ছাপ রেখেছেন তিনি। যার জন্য কম কটাক্ষ কিংবা সমালোচনার মুখোমুখি হতে হয়নি তাঁকে। তবে ৬৭ বছর বয়সে পৌঁছেও ‘কবে বিয়ে করছেন’ বা গর্ভাবস্থা সংক্রান্ত অনভিপ্রেত প্রশ্নের মুখোমুখি হতে হবে, তা হয়তো ধারণার বাইরে ছিল। সম্প্রতি এ ধরনের প্রশ্নেই চরম বিরক্তি প্রকাশ করে মেজাজ হারালেন এই প্রবীণ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা গুপ্তাকে প্রশ্ন করা হয়— চারপাশ থেকে যখন প্রতিনিয়ত ‘কবে বিয়ে করবেন’ জাতীয় প্রশ্ন আসে, তখন তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেন? জবাবে নিজের চেনা ভঙ্গিতেই কড়া প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বলেন, “আমি তো আর তোমার বাবার টাকায় চলি না, তোমার ওপর নির্ভরশীলও নই। তাহলে তোমার সমস্যাটা কী? তুমি নিজে বিয়ে করেছ কি করোনি?— আমি ঠিক এভাবেই কথাগুলো সামলে নিই।” প্রবীণ বয়সেও ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানিতে যে তিনি বিন্দুমাত্র রেয়াত করবেন না, তা এই প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

উল্লেখ্য, কিছুদিন আগেই নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার বিয়ের রিসেপশন অনুষ্ঠানে যোগ দিতে হায়দরাবাদে গিয়েছিলেন তিনি। সেখানে মেয়ে মাসাবা গুপ্তার ডিজাইন করা সাদা শাড়িতে স্বামী বিবেক মেহেরার সঙ্গে নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু সেই প্রীতিভোজের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শাড়ির কুঁচির ভাজে তাঁর পেটের ফোলা অংশ দেখে নেটিজেনদের একাংশ ষাটোর্ধ্ব অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন তুলতে শুরু করে।

সেদিনের ঘটনা ব্যাখ্যা করে নীনা জানান, শাড়ি পরা ও তা ঠিক করার সময়ে কোমরের কাছে কিছুটা কাপড় ফুলে ছিল। ব্যস, অমনি লোকজন রটিয়ে দিল যে ৬০ বছর বয়সে তিনি নাকি গর্ভবতী! তবে এই কটাক্ষকেও নিজের রসবোধ ও সাহসিকতায় হালকা করেছেন তিনি। রসিকতা করে নীনা বলেন, তিনি তাঁর টিমকে বলে দিয়েছিলেন এই গুঞ্জনকেই সায় দিতে। পাশাপাশি বডি-শেমিং বা শরীর নিয়ে ট্রোলিং সামলাতে সকলকে পরামর্শ দিয়ে তিনি জানান, কেউ শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করলে সরাসরি বলে দেওয়া উচিত যে তিনি অন্তঃসত্ত্বা! জীবনের এই বয়সে এসেও সমালোচকদের এমন মোক্ষম জবাব দিয়ে ফের একবার নিজের স্পষ্টবক্তা ভাবমূর্তি বজায় রাখলেন নীনা গুপ্তা।