বিনা খরচে আইনি লড়াই! সমর্থকদের পাশে দাঁড়াতে বিরাট প্ল্যাটফর্ম আনল রাজনৈতিক দল

উন্নত শিক্ষার দাবিতে পথে নেমে আন্দোলন করতে গিয়ে অনেক সময় পুলিশি হেনস্থা বা নানা আইনি জটিলতার মুখে পড়তে হয় রাজনৈতিক দলের কর্মী ও স্বেচ্ছাসেবকদের। সেই সমস্ত বিপন্ন কর্মীদের পাশে দাঁড়াতে এবার এক অভিনব উদ্যোগ নিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। মঙ্গলবার দেশজুড়ে নিজেদের একটি নিজস্ব ‘লিগ্যাল এইড প্ল্যাটফর্ম’ বা আইনি সহায়তা ওয়েবসাইট চালু করল তারা। দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই বিশেষ পরিষেবার জন্য কোনও খরচ লাগবে না, একদম বিনামূল্যে এবং আজীবন এই সহায়তা পাবেন সিজেপি সমর্থকরা।
মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স (X)-এ একটি পোস্টের মাধ্যমে এই নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করে ককরোচ জনতা পার্টি। দলের পক্ষ থেকে জানানো হয়, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে সরব হতে গিয়ে যদি কোনও সমর্থক পুলিশি হেনস্থা, ভয় দেখানো কিংবা হিংসার শিকার হন, তবে তাঁরা অবিলম্বে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দলের আইনি সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
দলের সমস্ত স্বেচ্ছাসেবক ও সমর্থকদের আইনি প্রক্রিয়ার প্রতি পদক্ষেপে ‘সেরা আইনি সহায়তা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি। সিজেপি-র লিগ্যাল অ্যাফেয়ার্স বা আইনি সেলের প্রধান রত্না সিং নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ঘোষণা শেয়ার করে লিখেছেন, “আজ আমরা শুধুমাত্র একটি ওয়েবসাইট লঞ্চ করছি না, বরং দেশজুড়ে আইনি সহায়তার এক বিশাল নেটওয়ার্ক তৈরি করছি। ককরোচ জনতা পার্টির কোনও সমর্থক বা স্বেচ্ছাসেবককে যেন আইনি লড়াইয়ের ময়দানে আর একা না লড়তে হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছিলেন যে, দলের আন্দোলনকারীদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার নিখুঁত ট্র্যাক রাখতে খুব শীঘ্রই একটি বিশেষ ওয়েবসাইট আনা হবে। অবশেষে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটিয়ে নতুন এই ওয়েবসাইটের পথ চলা শুরু হলো।