ULLU, ALTT, সহ সব সফট পর্ন OTT নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার, দেখুন তালিকা

ভারত সরকার আপত্তিকর এবং যৌনগন্ধী বিষয়বস্তু প্রদর্শনের অভিযোগে ULLU, ALTT, DesiFlix সহ মোট ২৫টি OTT প্ল্যাটফর্ম এবং অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই প্ল্যাটফর্মগুলি শিশুদের উপর খারাপ প্রভাব ফেলছে এবং দেশের তথ্যপ্রযুক্তি আইন ও শালীনতা বিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে।

ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক সূত্রে জানা গেছে, ULLU সহ একাধিক অ্যাপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘ইরোটিক ওয়েব সিরিজ’ দেখানোর অভিযোগ জমা পড়ছিল। মন্ত্রকের তদন্তে দেখা গেছে, এই প্ল্যাটফর্মগুলি তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ ও ৬৭এ, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ধারা ২৯৪, এবং নারীদের অশালীনভাবে উপস্থাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন ১৯৮৬-এর ধারা ৪-এর গুরুতর লঙ্ঘন করেছে।

সরকার জানিয়েছে, এই ধরনের প্ল্যাটফর্মগুলির মাধ্যমে পর্নোগ্রাফিক বিষয়বস্তু সহজেই নাবালকদের কাছে পৌঁছে যাচ্ছিল, যা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ডিজিটাল কনটেন্ট কোনোভাবেই যেন যৌনগন্ধী না হয় এবং শালীনতার মাত্রা ছাড়িয়ে না যায়, তা নিশ্চিত করতেই ভারত সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, এর আগেও কেন্দ্র সরকার এমনই আরও কড়া পদক্ষেপ নিয়েছিল। গত মার্চ মাসে ১৮টি OTT প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেই তালিকায় ছিল Dreams Films, Neon X VIP, MoodX, Besharams, Voovi, Mojflix, Yessma, Hunters, Hot Shots VIP, Fugi, Uncut Adda, Rabbit, Tri Flicks, Xtramood, Chikooflix, X Prime, Nuefliks এবং Prime Play-এর মতো প্ল্যাটফর্মগুলি।

সরকারের এই ধারাবাহিক পদক্ষেপ থেকে স্পষ্ট যে, অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ আনতে এবং শালীনতা ও নৈতিকতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষায় এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছে সরকার। এই নিষেধাজ্ঞার ফলে দেশে ডিজিটাল কনটেন্ট প্রদর্শনে আরও কঠোরতা আসবে বলে ধারণা করা হচ্ছে।