SSC দুর্নীতি মামলায় পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বর সংগ্রহে অনুমতি আদালতের! কারা ছিল এর পিছনে? যাবে এবার জানা

এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর আবেদনের ভিত্তিতে পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বর নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে আদালত। এই পাঁচজন হলেন- সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য, পর্ণা বসু এবং নাইসার দুই কর্তা নীলাদ্রি দাস ও পঙ্কজ বনশল। আলিপুর বিশেষ আদালত এই অনুমতি দেওয়ায় সিবিআই এখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের কণ্ঠস্বর সংগ্রহ করতে পারবে।

কেন এই সিদ্ধান্ত?
সিবিআই সূত্রে জানা গেছে, তদন্তের সময় এই পাঁচ অভিযুক্তের একটি অডিও-ভিডিও রেকর্ডিং গোয়েন্দাদের হাতে এসেছে। সিবিআই দাবি করছে, ওই রেকর্ডিংয়ে অভিযুক্তদের দুর্নীতির বিষয়ে আলোচনা করতে দেখা গেছে। সেই রেকর্ডিংটি আদালতে জমা দেওয়া হয়েছে। এর সত্যতা যাচাই করার জন্যই সিবিআই এই পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল এবং আদালত তাতে সম্মতি দিয়েছে।

সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল
অন্যদিকে, ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ পিটিশন সম্প্রতি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তই বহাল থাকছে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় ত্রুটি ছিল ওএমআর শিট সংরক্ষণে এসএসসি-র ব্যর্থতা। কমিশন পরীক্ষার আসল উত্তরপত্র বা তার প্রতিলিপি (মিরর কপি) সংরক্ষণ করেনি। এর ফলে নিয়োগের স্বচ্ছতা যাচাই করা অসম্ভব হয়ে পড়ে। আদালত আরও বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি এবং বেআইনি কার্যকলাপ তদন্তকে আরও জটিল করে তুলেছে।