ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ রাজস্থান রয়্যালসের (RR) হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। ফ্র্যাঞ্চাইজিটি একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে এই খবর নিশ্চিত করেছে। আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে মোট ৪৬টি ম্যাচ খেলেছিলেন দ্রাবিড়। গত বছর তিনি এই দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন। তবে, তাঁর কোচিংয়ে ২০২৫ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।
রাজস্থান ফ্র্যাঞ্চাইজি কী জানিয়েছে?
রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে জানানো হয়েছে, “হেড কোচ রাহুল দ্রাবিড় আইপিএল ২০২৬-এর আগেই রাজস্থান রয়্যালসের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ করেছেন। রাহুল বহু বছর ধরে রয়্যালসের উন্নয়নে মূল ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে বহু নতুন খেলোয়াড় উঠে এসেছে। তিনি এই ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে এক বড় ছাপ রেখে গেছেন।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “ফ্র্যাঞ্চাইজির কাঠামোর উন্নতির জন্য রাহুলকে আরও বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। রাজস্থান রয়্যালস, এর খেলোয়াড় এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত তাঁর অসাধারণ কাজের জন্য দ্রাবিড়কে ধন্যবাদ জানায়।”
দ্রাবিড়ের কোচিং-এ ভারতীয় দলের সাফল্য
ভারতীয় দলকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে কোচের পদ থেকে অবসর নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তারপরই তিনি রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে যোগ দেন। এবার সেই পদ থেকেও ইস্তফা দিলেন ‘দ্য ওয়াল’। এর আগে তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ছিলেন, যেখানে তিনি নতুন নতুন ক্রিকেটার তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন। অনুর্দ্ধ-১৯ দলের কোচ হিসেবেও তিনি বিশ্বকাপ জিতেছেন। দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর, টিম ইন্ডিয়ার কোচ হন গৌতম গম্ভীর এবং এখনও তিনিই ভারতীয় দলের দায়িত্বে আছেন।
এখন দেখার বিষয়, রাজস্থান রয়্যালস কাকে তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ করে। কারণ, তারা এখন পর্যন্ত মাত্র একবারই আইপিএল ট্রফি জিতেছে, তাও সেই ২০০৮ সালে। এরপর আর ট্রফি জেতা হয়নি। ট্রফির এই খরা কাটাতে রাজস্থান দল এবার বদ্ধপরিকর।