ভোটার তালিকা সংশোধনের (SIR) সময়সীমা বৃদ্ধির সুপ্রিম নির্দেশ নিয়ে এখন সরগরম বাংলার রাজনীতি। সোমবার সুপ্রিম কোর্ট স্ক্রুটিনির সময়সীমা আরও ৭ দিন বাড়িয়ে দেওয়ার পরই শুরু হয়েছে কৃতিত্ব নেওয়ার লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেস একে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয় হিসেবে দেখছে, অন্যদিকে বামফ্রন্টের দাবি, এই নির্দেশ আসলে রাজ্য প্রশাসনের অপদার্থতার মুখে একটি ‘সুপ্রিম’ থাপ্পড়।
তৃণমূল শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী শুরু থেকেই অভিযোগ করেছিলেন যে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং তাড়াহুড়ো করে কাজ শেষ করার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্ট সময়সীমা বাড়ানোয় প্রমাণিত হলো যে স্ক্রুটিনিতে ফাঁক ছিল। তৃণমূল মুখপাত্রদের মতে, “মুখ্যমন্ত্রী নিজে সশরীরে আদালতে উপস্থিত থেকে যে লড়াই লড়েছেন, তারই জয় হলো আজ।”
পালটা সুর চড়িয়েছে বাম নেতৃত্ব। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবি, রাজ্য সরকার যে ৮৫০৫ জন অফিসারের তালিকা দিয়েছিল, তাঁদের মঙ্গলবার বিকেলের মধ্যে কাজে যোগ দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে আদালত। বামেদের মতে, “সরকার কাজে বাধা দিচ্ছিল বলেই আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। সময় বাড়ানো মানে জয় নয়, বরং রাজ্য সরকারের টালবাহানায় আদালতের বিরক্তি প্রকাশ।” সব মিলিয়ে SIR-কে কেন্দ্র করে আদালত কক্ষের লড়াই এখন বাংলার অলিতে-গলিতে রাজনৈতিক তর্কের রূপ নিয়েছে।