. ‘SIR মানব না’, কেন হঠাৎ ভোটার তালিকা নিয়ে রাস্তায় নামল সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট? তোলপাড় পূর্ব মেদিনীপুর

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ‘SIR’ (Systematic Identification of Registered Voters) নিয়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক চলাকালীনই তীব্র বিক্ষোভের মুখে পড়লেন কমিশনের আধিকারিকরা। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর, বৃহস্পতিবার ডেপুটি নির্বাচন কমিশনারের উপস্থিতিতেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়ল।

বেলা এগারোটার কিছু আগেই জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কোলাঘাট অডিটোরিয়ামে পৌঁছান। সেখানেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা। মূল গেট দিয়ে ঢুকতে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়, ফলে তাঁরা রাস্তার ধারেই জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের মূল দাবি
বিক্ষোভকারীরা সরাসরি ‘SIR’ বাতিলের দাবি জানিয়েছেন। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের এক সদস্য বলেন, “আজকে নির্বাচন কমিশন যে SIR করছে, তা মানতে পারছি না। কারণ, অনেকের নাম ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছে, যাঁরা সত্যিকারের ভারতীয় নাগরিক। আমরা সেখানে ভারতীয় নাগরিক হয়ে সেই জিনিসকে মান্যতা দেব, এটা হয় না। আমরা এস আই আর মানছি না।”

তাঁদের অভিযোগ, কিছু কিছু ক্ষেত্রে অবৈধভাবেই ভোটার লিস্ট বাতিল করার চেষ্টা হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, কমিশনকে স্বতন্ত্র ভূমিকা পালন করতে হবে এবং ‘SIR’ পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে।

কমিশনের বৈঠক
জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা এদিন কোলাঘাট অডিটোরিয়ামে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর—এই তিন জেলার জেলাশাসক (DM), ERO, AERO, এবং BLO-দের সঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে বৈঠক করছেন।

প্রসঙ্গত, গতকালই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এই প্রক্রিয়ায় শুধুমাত্র মৃত ভোটার, ডাবল বা ট্রিপল এন্ট্রি, ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী (বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম) দের নাম বাদ যাওয়ার কথা। তাঁর দৃঢ় বিশ্বাস, কোনও ভারতীয় নাগরিক, সে যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন, তাঁর নাম বাদ যাবে না। কিন্তু শুভেন্দুর এই মন্তব্যের পরই ব্রাহ্মণ ট্রাস্টের বিক্ষোভ ঘটনাটিকে নতুন মাত্রা দিল।