“জনসভা করলে বাড়ি উড়িয়ে দেব”-সুপারস্টার বিজয় থালাপতির বাড়িতে বোমার ফোন

দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা এবং রাজনীতিবিদ বিজয় থালাপতির তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসার পরেই রাজ্যের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। চেন্নাই পুলিশের কাছে এই ফোন আসার পরই দ্রুত বাড়ানো হয়েছে বিজয়ের বাড়ির নিরাপত্তা।

পুলিশ জানিয়েছে, কন্যাকুমারী থেকে পুলিশের ১০০ নম্বরে ফোন করে বলা হয়, ভবিষ্যতে আর কোনও দিন যদি বিজয় জনসভা করেন, তা হলে তাঁর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই হুমকি ফোনটি এসেছে এমন এক সময়ে যখন অভিনেতার নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্তরি কাজ়হাগামের (টিভিকে) কারুরের পদপিষ্টের ঘটনা নিয়ে এখনও অস্বস্তি কাটেনি।

এই হুমকি ফোন পাওয়ার পরই চেন্নাই পুলিশের একটি বড় বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছয়। গোটা বাড়িতে শুরু হয় ব্যাপক তল্লাশি। তবে, প্রাথমিক তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যিনি ফোন করেছিলেন, তাঁর লোকেশান ট্র্যাক করে তাঁকে ধরার চেষ্টা চলছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোনও প্র্যাঙ্ক বা ভুয়ো কল হতে পারে।

গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র এক র‍্যালিতে ব্যাপক জনসমাগম হয়। ভিড়ের চাপে বহু মানুষ পদপিষ্ট হন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয় এবং কমপক্ষে ৬০ জন আহত হন।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে মাদ্রাজ হাইকোর্ট SIT (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) গঠনের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে বিজয়ের দল টিভিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী শুক্রবার প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই চরম অস্বস্তির মাঝেই বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি এল।